প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান, প্রথম ভোট নিয়ে রোমাঞ্চ
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইসিইউ) বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র ইশতিয়াক মাহমুদ এবারই প্রথম ভোট দেবেন। চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার এই তরুণ জলাবদ্ধতা, যানজট ও পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠার জন্য প্রধান দুই মেয়র প্রার্থীর ঢালাও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সন্দিহান। তবে ভোটকেন্দ্রে যাওয়ার রোমাঞ্চ অনুভব করছেন এখনই।
নগরের প্রধান সমস্যাগুলো ভাবালেও এসবের পরিবর্তনে প্রার্থীদের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তরুণেরা। কারও অনুযোগ যোগ্য প্রার্থীর অভাব নিয়ে, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানান কেউ কেউ। প্রার্থীদের জনসংযোগেও নতুনত্ব নেই দাবি করেছেন কয়েকজন। কারও কারও মত, নির্বাচনে তরুণদের আকৃষ্ট করার মতো প্রচারণা অনুপস্থিত।
গতকাল সোমবার দুপুরে জামালখান এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে কথা হয় বিভিন্ন বিভাগ ও বর্ষের ৩০ জন শিক্ষার্থীর সঙ্গে। তাঁদেরই একজন বিবিএ শেষ পর্বের ছাত্র মো. রাশেদুল ইসলামের সঙ্গে। তাঁর চোখে বড় সমস্যা ডাস্টবিন উপচে রাস্তায় গড়িয়ে পড়া আবর্জনা, এক রাস্তা কিছুদিন পর পর খোঁড়াখুঁড়ি। পুরোনো সমস্যা জলাবদ্ধতাও রয়েছেই। ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ভোট দিতে উন্মুখ এই তরুণ।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত সিটি নির্বাচনের (২০১০ সাল) তুলনায় এবার মোট ভোটার বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৭৮১ জন। নতুন ভোটার বেড়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ। এবার পুরুষ ভোটার ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন ও নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। মোট ভোটারের সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন।
২০১০ সালের নির্বাচনে ভোটার ছিল ১৬ লাখ ৮৮ হাজার ৬৬৮ জন। এঁদের মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা যথাক্রমে ৮ লাখ ৭৩ হাজার ৬৬৮ জন এবং ৮ লাখ ১৫ হাজার জন।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পলিটিকস ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসের শেষ পর্বের ছাত্রী অনন্যা কায়সার প্রথম ভোটার হিসেবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নতুন ভোটার হওয়ায় তিনি রোমাঞ্চিত। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে যেখানে অন্যতম প্রধান রাজনৈতিক দল অংশ নেয়নি, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে ভোটের গুরুত্ব কতটা তা নিয়ে তো প্রশ্ন থেকে যায়। তবে প্রথম ভোটার হিসেবে ভোট দিতে যাব।’
নতুন ভোটারদের মাঝে কিছুটা আতঙ্কও রয়েছে। মোগলটুলী এলাকার নাহিদুল হাসান ভূঁইয়া বললেন, ‘ভোট সুষ্ঠু হবে কি না, প্রথম ভোট দিতে পারব কি না এমন শঙ্কাও কাজ করছে। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না এমন লোককে নির্বাচিত করা উচিত।’
প্রথম ভোটার হিসেবে রোমাঞ্চিত এসব ভোটারের চোখে নগরের অনেক সমস্যা। বিশ্ববিদ্যালয় ছাত্রী জেরিন তাসনিম খানের বিবেচনায় মূল সমস্যা ডাস্টবিন। সর্বত্র ময়লা-আবর্জনার স্তূপ। তিনি বলেন, ‘এবার নতুন ভোটার হয়েছি। তাই ভোট দিতে যাব। সবকিছু চিন্তাভাবনা করেই ভোট দেব।’
তবে দেওয়ানবাজারের নবীন ভোটার আকাশ দাশ প্রার্থী পছন্দের বিষয়টি ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমরা অনেকটা উত্তরাধিকার সূত্রে পছন্দের প্রার্থী নির্বাচন করি। বড় ভাই, বাবা কিংবা বন্ধুদের দেখে দেখে প্রার্থী পছন্দ করি। তবে মেয়র নির্বাচনে আমার মতে দল বড় নয়। যাঁকে দিয়ে শহরের উন্নয়ন হবে, এমন প্রার্থী নির্বাচন করাই শ্রেয়।’