প্রতিশ্রুতি পূরণ না করেই আবদুশ শহীদকে বাড়ি ছাড়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন আশ্বাস পূরণ না করেই রাজনীতিক ও সাংবাদিক আবদুশ শহীদের পরিবারকে বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বাড়িটিরাজধানীর বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প এলাকায় পড়েছে।আবদুশ শহীদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, সরকার তথা রাজউকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, তাঁদের বাড়িটির বিকল্প হিসাবে প্রস্তাবিত ‘ঝিলমিল আবাসিক প্রকল্পে’ বিনামূল্যে পাঁচ কাঠার একটি প্লট দেওয়া হবে। হাতিরঝিল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিতব্য ফ্ল্যাট প্রকল্পে একটি ফ্ল্যাট নির্ধারিত মূল্যে দেওয়া হবে। এ ছাড়া এককালীন নগদ টাকা দেওয়ারও কথা ছিল। সর্বোপরি প্লট বা ফ্ল্যাট কোনোটিই এখন হস্তান্তর করা হচ্ছে না বলে কমপক্ষে ২ বছর ধরে মাসিক ২৫ হাজার টাকা হারে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছিল। আবদুশ শহীদের পরিবার রাজউকের এই প্রস্তাব গ্রহণ করে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র পাওয়ার পর ন্যূনতম সময়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করে। কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলার সময়ের মধ্যে একটি পছন্দমতো বাসা ভাড়া নেওয়ার জন্য গত ৩০ সেপ্টেম্বর পরিবারটিকে অগ্রিম দুই মাসের ভাড়া বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এই ব্যবস্থাটি মানা হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। আবদুশ শহীদকে গত ৫ অক্টোবর পাঠানো রাজউকের এক চিঠিতে বলা হয়, ঝিলমিল আবাসিক প্রকল্পে বিকল্প প্লট বরাদ্দের বিষয়টি ‘বিবেচনা করা যায় কিনা’ রাজউক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে সে বিষয়ে নির্দেশনা চেয়েছে। চিঠিতে হাতিরঝিল প্রকল্পের কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে শহীদ পরিবারকে তাঁদের স্থাপনা ‘অতিসত্বর’ অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শহীদ পরিবারের দাবি, এ চিঠি রাজউকের আগের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অভিযোগ করে বলেন, প্রকল্পের মধ্যে পড়া অনেক প্রভাবশালীর স্থাপনা রক্ষা করা হলেও আবদুস শহীদের বাড়িটিকে নিশ্চিহ্ন করার উদ্দেশে সেখানে একটি রাস্তা বাঁকা করা হয়েছে। এমনকি অধিগ্রহণ কর্তৃপক্ষের আগের দেওয়া সীমানাও মানা হয়নি। বাড়ি রক্ষার দাবিতে আবদুশ শহীদের স্ত্রী রাজিয়া শহীদ অনশন শুরু করলে সাংসদ রাশেদ খান মেনন এবং আসাদুজ্জামান খান কামাল আশ্বাস দিয়ে তাঁর অনশন ভঙ্গ করিয়েছিলেন। পরবর্তী সময়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান সরেজমিন পরিদর্শন করে বাড়িটি রক্ষা করার প্রতিশ্রুতি দেন।এ বিষয়ে হাতিরঝিল প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত রাজউকের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রকল্পের সড়ক পরিকল্পনার মধ্যে পড়ে যাওয়ায় এই বাড়িটি না ভাঙার বিকল্প নেই। তাই বাড়িটি ছাড়ার তাগিদ দেওয়ার হচ্ছে। রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, ‘ঝিলমিল প্রকল্পে বাস্তবায়নাধীন প্রকল্পে একটি ফ্ল্যাট পরিবারটিকে দেওয়ার বিষয়ে আমরা চেষ্টা করছি। এ ছাড়া প্লটের জন্য আবেদন জানালে আমরা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো।’ আবদুশ শহীদ ও তাঁর স্ত্রী রাজিয়া শহীদ বেশ আগে রামপুরার ৫৮/১, উলনে এক টুকরো জমি কিনেছিলেন। তাঁরা সেখানে একটি স্থাপনা তৈরি করে ১৯৮১ সাল থেকে বাস করে আসছেন।