প্রতিশ্রুতি পূরণে খুলনায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে খুলনায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এর প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবেদন দাখিল করলে নতুন প্রকল্প তৈরি করে বিমানবন্দরের কাজ শুরু করা হবে।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, খুলনায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের দাবি দীর্ঘদিনের। খুলনার মানুষ এ দাবিতে আন্দোলন করছে। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালের প্রথম দিকে রামপাল উপজেলার ফয়লা এলাকায় খুলনা-মংলা মহাসড়কের পাশে বিমানবন্দর নির্মাণের জন্য ৯৫ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৭ সালের প্রথম দিকে ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু হয়। কিছুটা অগ্রগতি হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কাজ শেষ হয়নি।
২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে বিমানবন্দর নির্মাণের নতুন প্রকল্প গ্রহণ করে। প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ৮৩ কোটি টাকা। সে অনুযায়ী মাটি ভরাটের কাজও আবার শুরু হয়। কিন্তু ২০০৬ সালের প্রথম দিকে এ কাজ বন্ধ করে দেওয়া হয়। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে খুলনার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের নেতারা বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কাজ আর শুরু হয়নি।
সর্বশেষ ২০১২ সালের ১৫ ডিসেম্বর খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান খুলনা-ঢাকাসহ অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর চালুর উদ্যোগের কথা জানান। এ জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর জানান, গত এপ্রিলে পুরকৌশল বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। সেই কাজ প্রায় শেষের পথে। আগামী সেপ্টেম্বরে মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী জানান, বিমানবন্দর স্থাপনের দাবি বাস্তবায়নের জন্য খুলনার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাই শুধু সম্ভাব্যতা যাচাইয়ের মধ্য দিয়ে কাজ শেষ না করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা জরুরি।