
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনকে সংবর্ধনা দিয়েছে সহস্র নাগরিক কমিটি। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেওয়া এ সংবর্ধনায় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করে দুই মেয়র।
নির্বাচনে আনিসুল হক ও সাঈদ খোকনকে আওয়ামী লীগ ঘরানার শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ নানা পেশার বিশিষ্টজনদের নিয়ে গঠিত সহস্র নাগরিক কমিটি সমর্থন দিয়েছিল।
সংবর্ধনার জবাবে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সবার উদ্দেশে বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন, জেনে-শুনে কথা দিয়েছি। আগামী এক, দুই, তিন বছরের মধ্যে সিটি করপোরেশনে আমাদের কাজের ফল দেখতে পাবেন।’
আনিসুল হক ঢাকা সিটি করপোরেশনের সংক্ষিপ্ত রূপ ডিসিসিকে ‘ঢাকা করাপশন করপোরেশন’ মন্তব্য করে বলেন, সিটি করপোরেশনকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের লাঠিপেটার সমালোচনা করে তিনি বলেন, পুলিশ যে কাজটি করেছে, তা দেশের কেউই সমর্থন করেনি। দু-একজনের জন্য পুরো বাহিনীর বদনাম হয়।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন দায়িত্ব পালনে সবার সাহায্য-সহযোগিতা চেয়ে বলেন, ‘এই শহর দ্রুত আমরা বাসযোগ্য করব। আমরা ওয়াদা পূরণ করব।’ সিটি করপোরেশনে বর্তমানে শূন্য তহবিলের কথা বললেও তিনি পবিত্র শবে বরাতের আগেই রাস্তার শতভাগ বৈদ্যুতিক বাতি সচল করার ঘোষণা দেন। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব। এতটুকু কার্পণ্য করব না।’
সভাপতির বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সবচেয়ে বড় উদাহরণ বঙ্গবন্ধু। তিনি বলেছিলেন, এ দেশ তিনি মুক্ত করে ছাড়বেন। তিনি দেশ স্বাধীন করেছেন। একইভাবে তাঁর কন্যা শেখ হাসিনাও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। তাঁর আদর্শের মেয়রগণ নিশ্চয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবেন। এ ক্ষেত্রে সহস্র নাগরিক কমিটি দুই মেয়রকে সহযোগিতার পাশাপাশি নজরদারিও করবে বলে তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকনের সমন্বয়ক আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সংস্কৃতিকর্মী নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।