স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যা বলে তা-ই করে। কথায় আর কাজে একমাত্র আওয়ামী লীগেরই মিল রয়েছে। ইতিহাস তা-ই বলে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে আওয়ামী লীগ ঘরে ফেরে না।গতকাল শনিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার মাদারবাজারে ওসমানীনগর থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী তাঁর বক্তৃতায় ঘোষণা করেন, বালাগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে অচিরেই ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ‘প্রবাসীদের উৎ সাহ দিতেই আমি এত দূর ছুটে এসেছি। প্রবাসীদের সব মহতী কাজে সরকার তাদের পাশে রয়েছে।’ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবা উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী, সংরক্ষিত আসনের নারী সাংসদ সৈয়দা জেবুননেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস জহুর চৌধুরী, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, আওয়ামী লীগের নেতা সৈয়দ আহমদ বহলুল, আনহার মিয়া, জহুর আহমদ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক ফরহাদ খান।জনসভা পরিচালনা করেন ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া।এর আগে বেলা একটায় মন্ত্রী উসমানপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে প্রবাসীদের প্রতিষ্ঠিত আবদুল বারী সহিদুন্নেছা একাডেমি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।