পুলিশ সপ্তাহের নানা কর্মসূচিতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা। গতকাল শুক্রবার শেষ হওয়া তিন দিনের পুলিশ সপ্তাহ কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোর কাছে সংশয়ের কথা জানিয়েছেন।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, হতাশা থাকতেই পারে। তার পরও এবারের কর্মসূচিতে দুটি বড় অর্জন রয়েছে। এগুলো হলো: পাঁচটি গ্রেড-১ পদ এবং পরিদর্শক ও উপপরিদর্শকদের পদ উন্নীত করা। এসব অর্জন ধরে রাখাই এখন বড় কথা।একাধিক পুলিশ কর্মকর্তা বলেছেন, পাঁচটি গ্রেড-১ পদ এবং পরিদর্শক ও উপপরিদর্শকদের পদ উন্নীত করার দাবি কয়েক বছর ধরে করা হচ্ছিল। দুই বছর আগেই প্রধানমন্ত্রী এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু নানা জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। এর মধ্যে পরিদর্শক ও উপপরিদর্শকদের পদ উন্নীত করার বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের সঙ্গে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক দেনদরবারও হয়েছে। কর্মকর্তারা আশা করেছিলেন, পুলিশ সপ্তাহ শুরুর দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এভাবে পদ উন্নীত করার বিরোধিতা করা হয়েছিল। সুতরাং প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাঝে হতাশা তৈরি হবে। সূত্র জানায়, এবারের পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু চাহিদা তোলা হয়েছে। এগুলো হলো: পুলিশ বাহিনীতে কর্মকর্তার সংখ্যা বাড়ানো, গ্রেড-১ পদের সংখ্যা ১০টি করা, আইজির র্যাংক ব্যাজ তিন তারকা জেনারেলের সমান করা, বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন, পৃথক তদন্ত শাখা ও পৃথক পুলিশ বিভাগ তৈরি, পুলিশ মেডিকেল সার্ভিস ও শান্তি রক্ষা মিশন একাডেমি প্রতিষ্ঠা ইত্যাদি। এসব দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন।জানা যায়, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পুলিশ সংস্কার নিয়ে। ২০০৫ সালে পুলিশ বাহিনীর আইন সংস্কারের জন্য একটি খসড়া জমা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ নিয়ে এখন আর কেউ কোনো কথা বলছেন না। পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান অনুষ্ঠানে অভিযোগ করেন, খসড়াটি ডিপফ্রিজে চলে গেছে। জানতে চাইলে সিআইডির প্রধান মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় এটা কীভাবে চায়, সেটা আমাদের জানালে আমরা তা সংশোধন করে দিতে পারি। কিন্তু কিছু না জানিয়ে এটা ফেলে রাখার কোনো মানে হয় না।’আইজি বলেন, ‘আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলে প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে চেষ্টা করব।’