প্রতিশ্রুতি বেশি, আস্থা কম ভোটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। তাঁরা শীত আর কুয়াশা উপেক্ষা করে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। তবে তাঁদের প্রতিশ্রুতিতে ভোটারদের আস্থা কম। গত শুক্রবার ও গতকাল শনিবার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে আলাপ করে এসব কথা জানা গেছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরার বাসিন্দা সোহেল রানাসহ কয়েকজন তরুণ ভোটার প্রথম আলোকে বলেন, ‘এই এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার ২৫ বছরেও কোনো উন্নয়ন হয়নি। মাঝখানে শুধু আমাদের প্রতিবছর পৌরসভাকে কর দিতে হচ্ছে। এখন পর্যন্ত পৌরসভার পানির লাইন আসেনি। এখনো নালা-ব্যবস্থা হয়নি। ফলে বর্ষার সময় এখানকার লোকজন পানিবন্দী হয়ে পড়ে। ইট বিছানো সরু রাস্তা থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অধিকাংশ রাস্তা বেহাল হয়ে পড়েছে। ভোটের সময় প্রতিবারই প্রার্থীরা এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে দেন। কিন্তু ভোট হয়ে গেলে আমাদের দিকে আর ফিরেও তাকান না। এবারেও একই প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এসব প্রতিশ্রুতি তাঁরা পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস হয় না।’
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমাইগাড়ি এলাকার বাসিন্দা ময়েন উদ্দীন বলেন, খরার সময় এলাকার নলকূপে পানি ওঠে না। যাদের বাড়িতে বৈদ্যুতিক মোটর আছে, তারা পানি পায়। কিন্তু যারা দরিদ্র, তাদের অনেক দূর থেকে সেচের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করতে হয়। তিনি আরও বলেন, ‘তাই প্রতিবারই প্রার্থীদের কাছে আমাদের প্রধান দাবি থাকে এলাকার প্রতি বাড়িতে যেন পৌরসভার পানির লাইন পৌঁছে দেওয়া হয়। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু পরে আর প্রতিশ্রুতি রাখেন না। এবারও তাঁরা প্রতিশ্রুতি রাখবেন, এমন আস্থা রাখা যায় না।’
পৌর এলাকার বরুণকান্দি, রজাকপুর, বোয়ালিয়া, চকরামপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রায় একই তথ্য মেলে। ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিতে না ভুলে প্রার্থীর যোগ্যতা ও সততা দেখে ভোট দেবেন বলে জানিয়েছেন।
নওগাঁ পৌরসভা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। তখন উকিলপাড়া, মাস্টারপাড়া, চকদেবপাড়া, হাটনওগাঁ, কালিতলা, কাজিপাড়া ও ধর্মপাড়া ছিল পৌরসভার অন্তর্ভুক্ত। ১৯৮৯ সালে আরও কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হয়। এগুলো হচ্ছে রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া, খালিশাকুড়ি, জগৎ সিংহপুর, শিবপুর, কোমাইগাড়ি, বরুণকান্দি, আনন্দনগর, চকবাড়িয়া ও চকরামপুর। পুরো এলাকায় প্রায় পৌনে দুই কোটি লোকের বসবাস। এর মধ্যে সম্প্রসারিত অংশে বসবাস করে প্রায় ৭৫ হাজার মানুষ। ২৫ বছরেও এসব এলাকায় পৌরসভার পানির সংযোগ আসেনি। নালা-ব্যবস্থা ও সড়কবাতি নেই।
এই পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (আওয়ামী লীগ), বর্তমান পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজমুল হক (বিএনপি), জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম (জাতীয় পার্টি), নওগাঁ জেলা কৃষক লীগের সাবেক সদস্যসচিব আবদুল ওয়াহাব ও শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন)। পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪ জন।