প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি সোনারগাঁয়ের প্রধান সড়কটির
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত উপজেলার প্রধান সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচ কিলোমিটারের এই সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী তিন বছর ধরে আন্দোলন করছে। প্রতিশ্রুতি দিলেও সড়কটির সংস্কারকাজ শেষ করা হচ্ছে না।এলাকার বাসিন্দারা জানান, সড়কটি উপজেলার প্রধান সড়ক হিসেবে ব্যবহূত হচ্ছে। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা প্রতিদিন বিভিন্ন কাজে উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তর, হাসপাতাল ও থানার পুলিশের কাছে যাতায়াত করে এই সড়কে। সোনারগাঁ উপজেলা ছাড়াও পাশের আড়াইহাজার, কুমিল্লার মেঘনা ও হোমনা উপজেলার একাংশের মানুষ এ সড়ক ব্যবহার করে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াত করে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সর্বশেষ এ সড়কের সংস্কারকাজ হয়। তিন বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে।এলাকাবাসীর আন্দোলনের পর গত এপ্রিল মাসে এক কিলোমিটার সড়কের কয়েকটি স্থানে সামান্য সংস্কারকাজ করে সওজ কর্তৃপক্ষ। যে অংশের সামান্য কাজ করে, সে অংশের বিভিন্ন স্থানে ভেঙে আবারও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর লিখিত আবেদনের পর সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সড়কটি সংস্কার করার প্রতিশ্রুতি দেন।স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার জানান, ‘আমি সড়কটি সংস্কার করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে বিভিন্ন সময় তদবির করে যাচ্ছি।’নারায়ণগঞ্জের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌলশী হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার রাতে জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার কারণে সড়কটির সংস্কারকাজ শেষ করা যাচ্ছে না। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নির্মাণকাজ শেষ হবে।