প্রতিশ্রুতি মিলেছে অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বরিশাল সফরে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। এমনকি এক বছর আগে বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে অঙ্গীকার বা পদক্ষেপ নেওয়া আশ্বাসও মেলেনি। ওই সফরে দু-একটি উন্নয়নকাজের ভিত্তি স্থাপন ছাড়া আর কিছুই পায়নি বরিশাল।২১ মার্চের বরিশাল সফরে মেরিন একাডেমি, পানি শোধনাগার ও মিলনায়তনের ভিত্তি স্থাপন ছাড়া ভোলার গ্যাস, পদ্মা সেতু, সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্রের বিষয়ে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ববিদ্যালয়, ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বরিশালকে আলোকিত করা, ঢাকা-কুয়াকাটা সড়কের সব রাস্তাঘাট ও নদীর ওপর সেতু নির্মাণ, কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, পদ্মা সেতু নির্মাণ ও বরিশাল পর্যন্ত রেললাইন স্থাপন, দক্ষিণাঞ্চলে একটি সমুদ্রবন্দরসহ অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বরিশালবাসীর অভিযোগ, গত বছরের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু ছাড়া আর কিছুই হয়নি। এক বছরের মাথায় এসে তিনটি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে মাত্র।বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান হতাশা প্রকাশ করে জানান, বরিশালের উন্নয়নের ব্যাপারে অনেক প্রত্যাশা থাকলেও কোনো প্রতিশ্রুতি মেলেনি। ভোলার গ্যাসের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছাড়া আর কিছুই পায়নি বরিশালবাসী। বরিশাল বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আমাদের দাবি ছিল, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে এনে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প গড়ে তোলা। মাওয়ায় পদ্মা সেতু নির্মাণকাজ দ্রুত করে রেলপথ সমপ্রসারণ করা। বরিশালে কৃষি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ বিশেষ অঞ্চল গড়ে তোলা। এসব ক্ষেত্রে তেমন কোনো ঘোষণা বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি।’ বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ‘একজন প্রধানমন্ত্রী এসে যদি একটি কলেজের ভবন নির্মাণ করার কথা বলে উন্নয়ন দেখান, সেটা হতাশ হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। হয়তো আমাদের নেতারা সঠিকভাবে দাবি তুলে ধরতে পারেননি।’বরিশালের সাধারণ নাগরিকদের অভিযোগ, বরিশালে যে মুক্তিযোদ্ধা পার্কের উদ্বোধন হয়েছে, তা সিটি করপোরেশন জাইকার অর্থায়নে নির্মাণ করা হয়েছে, এটি কোনো প্রতিশ্রুতির অংশ নয়। এ ছাড়া গত বছর নগরে দুটি বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন করা হয়েছে বলা হলেও বাস্তবে বরিশালে কোনো শোধনাগার স্থাপন করা হয়নি। শুধু প্রাথমিক কাজ শুরু হয়েছে, যার একটির উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ২১ মার্চ দ্বিতীয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।ব্রজমোহন কলেজের কয়েকজন শিক্ষক বলেন, কলেজের যে চারটি ভবন নির্মাণের কাজ প্রায় শেষ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, বাস্তবে ওই কাজের মধ্যে শুধু কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের কিছু কাজ শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস বলেন, ‘কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের কাজের পাইলিং শুরু হয়েছে। একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ হবে। এ ছাড়া শুনেছি, অন্য একটি ছাত্রাবাসও নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে।’