প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলেই জনগণ লাল কার্ড দেখিয়ে দেয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় অনেকেই লাল কার্ড পান। দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেন না। জনগণ চায় মূলত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন। গতকাল রোববার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত ‘স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ-বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা তাঁদের উপলব্ধি এ ভাবেই ব্যক্ত করেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা তাঁদের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘ঘুম থেকে ওঠে মানুষ প্রথম আমাদেরই কাছে পায়। কিন্তু আমাদের ক্ষমতা এত কম যে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। অনেক সময় ৫০ হাজার টাকার একটি প্রকল্পের জন্য ২০ হাজার টাকা উপজেলায় খরচ করতে হয়। দুর্নীতির দুর্নাম আমাদের গ্রহণ করতে হয়। অন্যদিকে, এলাকায় কোনো ঝামেলা হলেই থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), এসআই (উপপরিদর্শক) আমাদের ফোন করে আদেশ-নির্দেশ দেন। জনপ্রতিনিধি হিসেবে আমাদের কোনো মূল্যায়নই নেই।’ সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ‘স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ-বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সুজনের সম্পাদক ড. বদিউল আলাম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, নারী উদ্যোক্তা ও গণশিক্ষা আন্দোলনের সংগঠক তাজিমা হোসেন মজুমদার, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি এ এম ইয়াহিয়া মুজাহিদ, সম্পাদক জহরলাল দত্ত, ইফতেখার আহমদ, ফিরোজ মিয়া, মামুনুর রশীদ চৌধুরী, সালাম ফারুক, সালেহ উদ্দিন আহমদ প্রমুখ।