প্রতিশ্রুতি রাখেননি মেয়র, চট্টগ্রামে নদী দখল করে নতুন দোকান নির্মাণ
পেশাজীবী ও সুশীল সমাজের আন্দোলনের মুখে কর্ণফুলী নদীর পারে চাক্তাই-ফিশারি সড়কে নির্মিত সব দোকান ভাঙার প্রতিশ্রুতি দিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার থেকে এসব দোকান ভাঙার কথা ছিল। কিন্তু আগে নির্মিত দোকান না ভেঙে উল্টো খালি জায়গায় দ্রুত দোকান নির্মাণ করছে সিটি করপোরেশন।গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, ১৫-২০ জন শ্রমিক নতুন করে দোকান নির্মাণের কাজ শুরু করেছেন। আবুল কালাম নামের একজন নির্মাণশ্রমিক প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে সাতটি দোকানের বেইজের কাজ শেষ করেছি। কাল এসব দোকানের দেয়াল তৈরি করা হবে।’ কারা এসব দোকান নির্মাণ করছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সরকারি দোকান। সরকারই এসব নির্মাণ করছে। দোকানগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘দোকান ভাঙার কোনো নির্দেশ আমরা পাইনি। এসব দোকান অস্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে। দোকানের সামনে আমরা ইতিমধ্যে ৩০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করেছি। ভবিষ্যতে সরকারি বরাদ্দ পাওয়া গেলে দোকানগুলো ভেঙে সড়কটি আরও ৩০ ফুট প্রশস্ত করা হবে।’ তিনি বলেন, যেখানে দোকান নির্মাণ করা হচ্ছে, সেটা সড়কেরই অংশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওই জমি সিটি করপোরেশনকে হস্তান্তর করেছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শাহ আমানত সেতু এলাকার যানজট কমাতে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেতুর কাছে চামড়ার গুদাম থেকে কর্ণফুলীর চর দিয়ে ৬০ ফুট প্রশস্ত সড়কটি নির্মাণ করা হয়। সড়ক নির্মাণকাজ শুরুর আগে একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন মেয়র মহিউদ্দিন। ১৭ মাস পর কারাগার থেকে জামিনে বেরিয়ে মেয়রের দায়িত্ব নেওয়ার পর তিনি ওই সড়কের অর্ধেক দখল করে দোকান নির্মাণের উদ্যোগ নেন। চট্টগ্রামের পেশাজীবী ও সাধারণ মানুষ সড়কে দোকান নির্মাণ না করে কর্ণফুলী নদীর পাশ খোলা রাখার দাবি জানান। কিন্তু করপোরেশন তাতে রাজি না হওয়ায় পেশাজীবীরা দোকান নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তাঁরা গত মঙ্গলবার নতুন এই সড়কে মানববন্ধন ও মিছিল-সমাবেশের আয়োজন করেন।মানববন্ধন ও মিছিল-সমাবেশের এক দিন পর গত বৃহস্পতিবার হঠাত্ মেয়র মহিউদ্দিন অধ্যাপক জামাল নজরুল ইসলামের বাসায় হাজির হন। এ সময় সেখানে কয়েকজন প্রকৌশলী, স্থপতি ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাকাটাকাটির পর মেয়র বলেন, ‘আপনারা যখন দাবি করছেন, তখন কালই (শুক্রবার) এসব দোকান ভেঙে ফেলব।’পেশাজীবী নেতা স্থপতি কিউ এস তৌহিদ বলেন, ‘আমরা আগামী মঙ্গলবার আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন সবকিছু পর্যবেক্ষণ করছি।’