প্রতিশ্রুতিতেই আটকে আছে আট প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার উন্নয়নে আটটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এক বছরেও আলোর মুখ দেখেনি। গত বছরের এই দিনে জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় শেখ হাসিনা এসব প্রকল্পের ঘোষণা দেন।

ওই জনসভার এক বছর পূর্তিতে ১২ নভেম্বর একই স্থানে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানতে চাওয়া হলে সম্প্রতি জেলা প্রশাসন থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রতিশ্রুত ওই আটটি প্রকল্পের অগ্রগতির ব্যাপারে প্রতিবেদন পাঠানো হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর ওই আটটি প্রতিশ্রুতির মধ্যে স্থান নির্ধারণেই আটকে আছে বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিবেচনায় থমকে রয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন, নকশা প্রণয়নে আটকে আছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে যমুনা নদী খনন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাড়ার অপেক্ষায় ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন এবং পরিকল্পনা কমিশনে ওঠার অপেক্ষায় রয়েছে শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। অন্য দুটি প্রতিশ্রুতির মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে রাস্তাঘাট উন্নয়ন ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কোনো অগ্রগতিই নেই।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়া-নাটোর মহাসড়কের পাশে শাজাহানপুর উপজেলায় ২৫১ দশমিক ৪৩ একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জেলা প্রশাসন থেকে প্রস্তাব পাঠানো হয়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাফিউল ইসলাম বলেন, চকজোড়া, জোড়া, পারটেরখুর, বীরগাঁও ও চকভ্যালী—এই পাঁচ মৌজায় ২৮৯ কোটি টাকা দামে ওই জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর নেতৃত্বে মাস কয়েক আগে একটি প্রতিনিধিদল প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসে তা অর্থনৈতিক অঞ্চলের জন্য উপযোগী বলে মত দেয়। এরপর বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের স্থান নির্ধারণ চূড়ান্ত করে। এখন জায়গা অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে।

জেলা প্রশাসনের প্রতিবেদন থেকে জানা যায়, বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে বগুড়া পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য রেল মন্ত্রণালয়কে চিঠি দেয় জেলা প্রশাসন। জবাবে গত ৭ এপ্রিল মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, ডুয়েল গেজ রেলপথ নির্মাণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প সারপত্র প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি চীন সরকারের অর্থায়নে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে বাস্তবায়নের জন্য চীনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘বগুড়া-জামথৈল রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালে রেলওয়ে খাত উন্নয়ন প্রকল্পের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় জরিপ শেষ হয়। বর্তমানে তা জামথৈলের পরিবর্তে সদানন্দপুর পর্যন্ত নকশা চূড়ান্ত করা হয়েছে। পুরান বগুড়া থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ হয়ে সদানন্দপুর পর্যন্ত প্রায় ৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নের ঘোষণা দিলেও এক বছরে কোনো অগ্রগতিই হয়নি।’

জেলা প্রশাসনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর প্রধানমন্ত্রী বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। তা দ্রুত বাস্তবায়নের জন্য তাঁর কার্যালয় থেকে শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়। গত বছরের ৩ মার্চ শিক্ষাসচিবের পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য চিঠি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিবকে। বর্তমানে বিষয়টি মঞ্জুরি কমিশনের বিবেচনাধীন রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার এক বছরেও নির্মিত হয়নি বগুড়া শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংযোগ সড়ক। জেলা প্রশাসনের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২ দশমিক ৬৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের গত অর্থবছরে ৮১০ মিটার অংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অবশিষ্ট ১ দশমিক ৮৩ কিলোমিটার অংশ নির্মাণের জন্য প্রায় সাড়ে ছয় একর জমি অধিগ্রহণের দরকার। এ প্রকল্পসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী রাস্তাঘাট উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করবে সড়ক বিভাগ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য ৮৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়নের অংশ হিসেবে জেলার কাথম-কালীগঞ্জ-রানীনগর সড়কের সাড়ে ১৭ কিলোমিটার এবং ওমরপুর-তালোড়া-জিয়ানগর-আক্কেলপুর সড়কের ৫০ কিলোমিটার অংশ মেরামতের জন্য প্রধান প্রকৌশলীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের স্থান নির্বাচনের কাজ চলছে, মোহাম্মদ আলী হাসপাতালে বার্ন ইউনিট চালুর জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি আর যমুনা নদীর সাত কিলোমিটার অংশ খননের একটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।