প্রতিশ্রুতির আট বছরেও নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইলের সুলতানমঞ্চে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় জাতীয়করণ করা হবে। বীরশ্রেষ্ঠের পরিবার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ ও নড়াইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি সেদিন এ ঘোষণা দেন।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আজিজুর রহমান ভূঁইয়া বলেন, কলেজটি জাতীয়করণের জন্য বহু আবেদন-নিবেদন করা হয়েছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসক ও নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা প্রধানমন্ত্রীর কাছে জাতীয়করণের জন্য আবেদন করেছেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের প্রতি শ্রদ্ধাস্বরূপ কলেজটি দ্রুত জাতীয়করণ করা দরকার।
আজ ২৬ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জন্মদিন। এ উপলক্ষে তাঁর জন্মস্থান নড়াইলের মহিষখোলায় (বর্তমানে নূর মোহাম্মদ নগর) বিভিন্ন কর্মসূচি নিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। একাত্তরের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে সম্মুখযুদ্ধে শহীদ হন।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ২০০৮ সালে সরকারি উদ্যোগে নূর মোহাম্মদের জন্মস্থান মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর রাখা হয়। তৈরি হয় স্মৃতিসৌধ। সেখানে ওই বছর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চালু হয়। একই ক্যাম্পাসে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়।
নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা গত শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অন্য বীরশ্রেষ্ঠদের জন্মস্থানে তাঁদের নামের কলেজ জাতীয়করণ হয়েছে। আমি নূর মোহাম্মদের নামে প্রতিষ্ঠিত তাঁর জন্মস্থানের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানই দ্রুত জাতীয়করণের দাবি জানাচ্ছি।’
নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, কলেজ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো প্রতি উত্তর পাওয়া যায়নি।