প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন দলীয় সাংসদ এম এস আকবর।
গতকাল সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রসঙ্গটি উত্থাপন করে আকবর বলেন, প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। তিনি জানতে চান, আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না। বিদেশে থেকে তাঁরা এবার ভোট দিতে পারবেন কি না।
বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া সংসদে আসেন না। তিনি নির্বাচন রুখতে উত্তরবঙ্গে গিয়ে জনগণকে বলছেন। নির্বাচন আসন্ন। তাঁর এ বক্তব্য সংবিধানবিরোধী। হরতালবিরোধীদের সম্পর্কে তাঁর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যারা গাড়ি পোড়ায়, একাত্তরের মতো মানুষ হত্যা করে, তাদের সম্পর্কে আমি এ কটা কথা বলেছিলাম, যা এখন আর উচ্চারণ করতে চাই না।’ প্রসঙ্গত, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের এক সভায় হরতালকারীদের ঘরে ঘরে গিয়ে হত্যা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ভোলার নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। তিনি বলেন, দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ভোলা শহর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিক জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, দরপত্র আহ্বান করা হয়েছে। একটু সময় লাগবে। দ্রুত বেড়িবাঁধ হবে।