প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা দূর করা হবে, স্বাস্থ্যসেবা বাড়ানো হবে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন হবে, নগরের সৌন্দর্য বাড়বে, রাস্তাঘাট ভালো হবে, তৈরি হবে আইটি ভিলেজ, পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই, হবে নতুন কর্মসংস্থান।

আধুনিক খুলনা নগর গড়তে মেয়র পদপ্রার্থীরা এমন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে কেউ ৩১ দফা, কেউ ২১ দফা আবার কেউ দিচ্ছেন ১৯ দফা। শুধু মেয়র পদপ্রার্থীরা নন, প্রতিশ্রুতির দিক থেকে পিছিয়ে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। একেকটি ওয়ার্ডে ছয় থেকে সাতজন প্রার্থী রয়েছেন। পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে নির্বাচন করছেন অর্ধশত প্রার্থী। তাঁরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। খুলনার অরাজনৈতিক সংগঠন নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন এলেই প্রার্থীরা প্রতিশ্রুতির বন্যায় আমাদের ভাসিয়ে দেন। এখনো তা-ই হচ্ছে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হয়ে যদি তার এক-তৃতীয়াংশও পূরণ করতেন, তাহলে খুলনা হতো পৃথিবীর সেরা একটি শহর।’

১৫ জুনের নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা প্রতিশ্রুতি দিয়েছেন সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি তাঁর প্রতিশ্রুতিতে নাগরিক সরকার চালু, নগরভবনকে দুর্নীতিমুক্ত করা, মাদকমুক্ত নগর গড়া, আইটি ভিলেজ তৈরি, বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার, পার্ক-উদ্যান উন্নয়ন, পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন, টাউন সার্ভিসের উন্নয়ন, নগরে সুইমিংপুল করা, নগরের সৌন্দর্যবর্ধন, খুলনা মহানগরের সম্প্রসারণসহ আধুনিক খুলনা গড়ার কথা বলেছেন।

নগরবাসী জানান, এর আগে ২০০৮ সালের নির্বাচনের আগে আবদুল খালেক ২৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ২১টিই তিনি বাস্তবায়ন করেননি। বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান সড়ক উন্নয়ন, বর্জ্য ও পানিনিষ্কাশন, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নসহ ২১টি প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলামও প্রায় একই রকম ১৯টি প্রতিশ্রুতি দিয়েছেন।

মেয়র পদপ্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে কাউন্সিলরা হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ বলছেন স্কুল বানাবেন, কেউ বলছেন শিশুদের জন্য সাঁতার শেখার প্রশিক্ষণকেন্দ্র বানাবেন আবার কেউ বলছেন তিনি জয়ী হলে নগর স্বাস্থ্যকেন্দ্র চালু করবেন, ছোট-বড় সব রাস্তাই পাকা করবেন।

৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই পদের প্রার্থী মাকসুদ হাসান বলেন, তাঁর এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা, পয়োনিষ্কাশন ও রাস্তাঘাটের দুরবস্থা। নির্বাচিত হলে জলাবদ্ধতা ও রাস্তাঘাটের উন্নয়ন করবেন। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ও প্রার্থী মো. শাহ আলম বলেন, ‘এবার আমি নির্বাচিত হলে আরবান হেলথ কেয়ার সেন্টার ও একটি প্রাইমারি স্কুল করে দেব।’

১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী শেখ খায়রুজ্জামান বলেন, শিক্ষার উন্নয়ন ও শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণকেন্দ্র গড়ে দেবেন। কারণ, তাঁর ওয়ার্ডে শিশুদের সাঁতার শেখার জন্য কোনো কেন্দ্র নেই।

প্রার্থীদের এসব প্রতিশ্রুতির বিষয়ে নগরের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা পল্লব রায় বলেন, ‘নির্বাচন এলে কে কত প্রতিশ্রুতি দিতে পারেন যেন সেই প্রতিযোগিতা শুরু হয়। আর নির্বাচন শেষ হলে শুরু হয় প্রতিশ্রুতি ভোলার প্রতিযোগিতা।’