নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট দক্ষিণাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতু, তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ, ভোলার গ্যাস এনে শিল্পকারখানা ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল।
এসব প্রতিশ্রুতির কয়েকটি ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই রয়ে গেছে। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে দেওয়া বেশির ভাগ প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি।
মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘দক্ষিণাঞ্চল আর অবহেলিত থাকবে না। দক্ষিণাঞ্চলের মানুষ আমাদের ভোট দিয়ে সম্মান দিয়েছে, আমরা সেই সম্মানের প্রতিদান দেব।’ ওই জনসভায় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ, বরিশাল পর্যন্ত রেললাইন স্থাপন, বরিশাল-কুয়াকাটা সড়কে পায়রা নদীতে সেতু নির্মাণ, বরিশাল-পিরোজপুর সড়কে বেকুটিয়া সেতু এবং ভোলার গ্যাস দিয়ে বিদ্যুৎ-প্লান্ট স্থাপন করার প্রতিশ্রুতি দেন।
২০১২ সালের ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার বরিশালে এসব প্রতিশ্রুতির কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আরও ছিল বরিশাল অঞ্চলে আঞ্চলিক কৃষি অঞ্চল, কৃষি গবেষণা কেন্দ্র, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তৃতীয় সমুদ্রবন্দর, আধুনিক নৌ-কারখানা, মেরিন একাডেমি, চিড়িয়াখানা, ইকোপার্ক, জাদুঘর, নগরের বাইরে আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, আধুনিক অডিটরিয়াম ও আধুনিক মৎস্যবন্দর নির্মাণ।
প্রতিশ্রুতির তালিকা দীর্ঘ হলেও বরিশালবাসীর প্রাপ্তির খাতায় জমা পড়েছে অতি সামান্য। এর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু। তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হওয়া কীর্তনখোলা নদীতে নির্মিত আবদুর রব সেরনিয়াবাত সেতুর উদ্বোধন, টেক্সটাইল ইনস্টিটিউটকে প্রকৌশল কলেজে উন্নীতকরণ এবং আধুনিক নৌ-বন্দরের উদ্বোধন। এ ছাড়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয়েছে।
বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান বলেন, গত পাঁচ বছরে মহাজোট সরকারের ইতিবাচক কাজ হলো শুধু শিক্ষানীতি প্রণয়ন ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা। কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্প হিমাগারে রয়েছে। পাথরঘাটার মৎস্য কেন্দ্র উন্নয়নের পরিকল্পনা নেই।
বরিশাল শিল্প ও বণিক সমিতি এবং নৌযান মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, বিভাগ হিসেবে বরিশাল সব সরকারের সময়ই উন্নয়নবঞ্চিত থেকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্মা সেতুর বাস্তবায়ন নেই। ভোলার গ্যাস নিয়ে কোনো পরিকল্পনা এখন পর্যন্ত লক্ষ করা যাচ্ছে না। শিল্পোন্নয়নে ইপিজেড করার কোনো উদ্যোগ নেই। আধুনিক নৌবন্দর, মেরিন একাডেমি এবং নৌ-কারখানা চালু করার অঙ্গীকার থাকলেও তা আলোর মুখ দেখেনি। নৌ-যোগাযোগবেষ্টিত বরিশাল অঞ্চলের নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেই।
তবে সফলতা কম নয় দাবি করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শওকত হোসেন বলেন, বরিশালে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির মধ্যে বেশ কিছু পূরণ হয়েছে। আগামীবার ক্ষমতায় এলে বাকিগুলো পর্যায়ক্রমে হবে। বরিশাল আধুনিক নৌবন্দর, দপদপিয়া সেতু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া তৃতীয় সমুদ্রবন্দরের কাজ শিগগিরই শুরু হবে। তবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ আঞ্চলিক উন্নয়নে আরও ব্যাপক পদক্ষেপ আশা করছে।