প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, কর্মকাণ্ডে সমন্বয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রানা প্লাজা দুর্ঘটনার ১০০ দিন: প্রতিশ্রুতি ও বাস্তবায়ন পরিস্থিতি’ শীর্ষক সিপিডির আলোচনায় বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ষ ছবি: প্রথম আলো
‘রানা প্লাজা দুর্ঘটনার ১০০ দিন: প্রতিশ্রুতি ও বাস্তবায়ন পরিস্থিতি’ শীর্ষক সিপিডির আলোচনায় বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ষ ছবি: প্রথম আলো

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন এবং কারখানার কর্মপরিবেশ উন্নয়নে দেশি-বিদেশি বিভিন্ন পর্যায় থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ ও সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলছে। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, তাঁরা অর্থ পাচ্ছেন না। পুরো কর্মকাণ্ডে সমন্বয় নেই। এ কারণে প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘রানা প্লাজা দুর্ঘটনার ১০০ দিন, প্রতিশ্রুতি ও বাস্তবায়ন পরিস্থিতি’ নিয়ে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। সংলাপে ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ সব ধরনের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি স্বাধীন তদারকি দল বা আলাদা কমিশনও গঠন করার সুপারিশ করা হয়। বক্তারা বলেন, অবশ্যই ট্রেড ইউনিয়নের প্রতিনিধি এ ক্ষেত্রে সম্পৃক্ত থাকতে হবে। কারণ শ্রমিকদের সঙ্গে শ্রমিকেরাই ভালো যোগাযোগ করতে পারেন।
একই সঙ্গে সংলাপে ভবনধসের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সরকারের বিভিন্ন দপ্তরে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন বক্তারা। তাঁরা আরও বলেন, সামরিক বাহিনীর মতো অল্প দরে শ্রমিকদের পুষ্টির ব্যবস্থা করতে হবে। তাতে বেতন বৃদ্ধির চেয়ে বেশি উপকার হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

মূল প্রবন্ধে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রানা প্লাজায় আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। কিন্তু এখন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাঁদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে। এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা থাকা প্রয়োজন। তিনি আরও জানান, নানা সংগঠনের তথ্য অনুযায়ী এখনো রানা প্লাজার ৩৩২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এসব শ্রমিকের পরিবারগুলো সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, সরকার শ্রম আইনের সংশোধন করেছে। এখন পোশাকশিল্প খাতে কার্যকরী ট্রেড ইউনিয়ন হবে। আর শক্তিশালী ইউনিয়ন হলে সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করার প্রয়োজন হবে না। শ্রমিক প্রতিনিধিরাই তাঁদের দাবিদাওয়া আদায় করতে পারবেন। পোশাক কারখানার কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) মানসম্মত নয় এমন কারখানাকে রপ্তানির অনুমোদন না দেওয়ার জন্য বিজিএমইএর প্রতি আহ্বান জানান তিনি।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব সরকারের আমলেই দেশে সুশাসনের সমস্যা প্রবল। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে পেশাদারত্ব নেই। এ জন্য অনেক আইনকানুন থাকলেও তার যথাযথ বাস্তবায়ন হয় না। কিছু ক্ষেত্রে অবশ্য আইনের দুর্বলতাও রয়েছে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদেরা ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। এটি দেশের জন্য বিপদ সংকেত। কয়েক বছরের মধ্যেই রাজনীতিবিদেরা ব্যাংক, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে যাচ্ছেন। সারা জীবন রাজনীতি করে কীভাবে এসবের মালিক হোন?’

রেহমান সোবহান বলেন, সংঘবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে কাজ করলে ভবিষ্যতে সাভারের মতো ঘটনা এড়ানো সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশে পাঁচ ডলারের পোশাক তৈরি করে বিদেশে ২০-২৫ ডলারে বিক্রি হচ্ছে। এই জায়গাটি ঠিক করার সময় এসেছে, যাতে শ্রমিকেরা বেশি মজুরি পান।

শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, রানা প্লাজার ঘটনায় তিন শতাধিক লোক নিখোঁজ। কিন্তু সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না, আবার বাদও করছে না। এই পরিবারগুলোই এখন বেশি সমস্যায় আছে।

আরেক শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর আর বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাঁরা অর্থ পাচ্ছেন না। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিল্ডিং কোড মানার আগে শ্রমিকদের এই দাবি মানুন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রানা প্লাজা ধসে আহত নিলু সর্দার. শাবানা আক্তার, আবদুল খালেকসহ কয়েকজন পোশাকশ্রমিক। তাঁরা বলেন, এক মাসের বেতন, প্রাইমার্কের দেওয়া ১৬ হাজার টাকা ও স্থানীয় প্রশাসনের দেওয়া পাঁচ হাজার টাকার বাইরে তাঁরা কোনো সাহায্য পাননি। পুরোপুরি সুস্থ না হওয়ায় কাজে যোগ দিতে পারছেন না। সামনে ঈদ। পরিবার-পরিজন নিয়ে কীভাবে ঈদ করবেন, সেই দুশ্চিন্তায় আছেন। এ সময় আহত প্রতিটি শ্রমিক ঈদের বোনাস দাবি করেন।

শ্রমিকদের দাবির বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, শ্রম আইন অনুযায়ী সব শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। কারখানা ধসে পড়েছে, উৎপাদন বন্ধ। তবে বোনাস নিয়ে আলোচনা করা যেতে পারে।

শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান বলেন, রানা প্লাজার ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কারখানাগুলো একেকটি মৃত্যুকূপ। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান হামিদা হোসেন বলেন, রানা প্লাজার ঘটনাটি করপোরেট ক্রাইম। এটাকে জেগে ওঠার ডাক (ওয়েক আপ কল) হিসেবে নিতে হবে। সব কার্যক্রমে সমন্বয় করতে ত্রিপক্ষীয় পর্যবেক্ষক কমিটি করা যেতে পারে।

প্রকৌশলী আবু সাঈদ আহমেদ বলেন, শুধু রানা প্লাজা নয়, বাংলাদেশের ৯০ শতাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। গত বছর রাজউকে সাড়ে চার হাজার প্ল্যান পাস হয়েছে। যার মধ্যে দুই-তৃতীয়াংশই ভুয়া। ফলে এই জায়গাটিতে জোর দিতে হবে।

বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান বলেন, ‘বিজিএমইএ শুরু থেকেই রানা প্লাজার শ্রমিকসংখ্যা নিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। এ জন্য কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের একটি ডেটাবেইস দরকার।’

সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য খুশী কবির বলেন, প্রধানমন্ত্রীর তহবিলে অনেক টাকা জমা পড়েছে। সেই টাকা কীভাবে খরচ হচ্ছে, তা সাধারণ মানুষের জানার অধিকার আছে। এটি জনসমক্ষে প্রকাশ করা হোক।

বেসরকারি সংস্থা ব্লাস্টের কর্মকর্তা বরকত আলী বলেন, রানা প্লাজার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। তা খুবই দুর্বল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তা প্রমাণ করা খুবই দুরূহ হবে।

বেসরকারি সংস্থা নারীপক্ষের শিরীন হক বলেন, রানা প্লাজার ঘটনাকে কেন্দ্র করেও দুর্নীতির বিস্তার ঘটছে। অনেক টাকা আসছে। সেই টাকার ওপর অনেকের নজর পড়ছে। তাই সর্তক থাকা দরকার।

সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাভারের ঘটনায় সরকার কয়েকটি তদন্ত কমিটি করেছে। কিন্তু সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তদন্ত প্রতিবেদনগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে মন্তব্য করে সেগুলো সবার জন্য উন্মুক্ত করার দাবি করেন তিনি।

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের বেশির ভাগ ঘটনাই অল্প কিছুদিনের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। সবকিছু চুপচাপ হয়ে যায়। উদ্যোগ থেমে যায়। রানা প্লাজার ঘটনার ক্ষেত্রে এটি এড়াতে সিপিডি কিছুদিন পর পর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করবে। এতে চৌদ্দটি প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংসদ আসিফা আশরাফি ও অপু উকিল, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ প্রমুখ।