চট্টগ্রামের লালদীঘি ময়দানে ২০০৮ সালের ২৭ ডিসেম্বর জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে চট্টগ্রামকে মূল্যায়ন করার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেবেন। তিনি বলেছিলেন, ‘চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব আছে। আমরা সরকার গঠন করলে নগরের অবকাঠামো উন্নয়ন, কর্ণফুলী নদীতে ঝুলন্ত সেতু এবং নদীর তলদেশে টানেল নির্মাণ করা হবে।’এর দুই দিন পর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সরকারের তিন বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনার প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। অর্থের অভাবে প্রতিশ্রুত প্রকল্পগুলোর বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। জানা গেছে, গত তিন বছরে চট্টগ্রামে সড়ক সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়নসহ অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে সরকার। বড় কিছু প্রকল্পের কাজ শুরুও হয়েছে। তবে কাজ চলছে খুঁড়িয়ে।খোঁজ নিয়ে জানা যায়, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সম্প্রসারণ এবং একটি উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে নগরের গুরুত্বপূর্ণ দুটি প্রবেশপথের সম্প্রসারণের কাজ প্রায় থেমে আছে। চট্টগ্রাম ওয়াসা বাস্তবায়ন করছে ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’। নির্দিষ্ট সময়ে এ প্রকল্পটির বাস্তবায়ন নিয়েও সংশয় আছে বলে জানা গেছে।প্রকৌশলী ও পরিকল্পনাবিদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, সরকারের তহবিলের ঘাটতি আছে বলে মনে হচ্ছে, যে কারণে নির্দিষ্ট মেয়াদে প্রকল্পগুলোর কাজ শেষ হচ্ছে না।নগরের দুটি প্রবেশপথ শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট মোড় এবং অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ চলছে ধীরগতিতে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। সম্প্রসারণকাজের জন্য সেখানে যানজট দিন দিন বাড়ছেই।সওজ সূত্র জানায়, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে শাহ আমানত সেতু দিয়ে নগরের যোগাযোগব্যবস্থা সহজ হবে। একইভাবে নির্ধারিত সময়ে অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়কটির সম্প্রসারণকাজ শেষ হলে রাঙামাটি, খাগড়াছড়ি, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির যোগাযোগব্যবস্থাও উন্নত হবে। চট্টগ্রাম সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কের সম্প্রসারণকাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৭০ লাখ টাকা। মাস দুয়েক আগে কাজ শুরু হলেও চলতি অর্থবছরে পাওয়া গেছে মাত্র তিন কোটি টাকা।প্রকৌশলী রানা বলেন, অক্সিজেন-হাটহাজারী সড়কের দৈর্ঘ্য সাড়ে ১২ কিলোমিটার। আগামী বছরের ডিসেম্বরে সড়কটির সম্প্রসারণকাজ শেষ হওয়ার কথা। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে গত অর্থবছরে আট কোটি এবং চলতি অর্থবছরে মাত্র তিন কোটি টাকা পাওয়া গেছে।ঠিক সময়ে এসব প্রকল্পের বাকি টাকার জোগান পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।শেখ হাসিনা কর্ণফুলীর ওপর ঝুলন্ত সেতু ও টানেল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ঝুলন্ত সেতু আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর ওপর দিয়ে শাহ আমানত সেতু নির্মাণ হওয়ায় নদীর নাব্যতা কমে যাচ্ছে। ঝুঁকির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর। বন্দরকে ঝুঁকিমুক্ত করতে এবার ২২৯ কোটি টাকা দিয়ে সদরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত নদী ড্রেজিং করা হচ্ছে। আরেকটি সেতু হলে নদীর নাব্যতা বলতে কিছু থাকবে না।সিডিএর চেয়ারম্যানের দাবি, টানেল নির্মাণের কাজ এ সরকারের আমলেই শুরু হবে। এ ব্যাপারে ‘চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা চালাচ্ছে। আগামী জুনে তারা জায়গা চিহ্নিত ও নকশা তৈরি করে দেবে। এরপর দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে। এই টানেলের ওপর নির্ভর করে কর্ণফুলীর দক্ষিণ তীরে নির্মাণ করা হবে আরেকটি ‘এক্সক্লুসিভ বন্দর’।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে দৃশ্যমান সব উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। ওরা (আওয়ামী লীগ) কী করছে, তা দৃশ্যমান নয়। আর আমরা অন্ধও নই।’নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। উড়ালসেতু নির্মাণ, সড়ক সংস্কারসহ ব্যাপক উন্নয়নকাজ শুরু হয়েছে।’সিডিএ: বর্তমান সরকারের আমলে প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়নকাজ হচ্ছে বলে দাবি করেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। এর মধ্যে সড়ক সম্প্রসারণসহ আটটি প্রকল্পের কাজ শেষ করেছে সিডিএ। এতে খরচ হয়েছে ১২৫ কোটি টাকা।সিডিএ সূত্র জানায়, অক্সিজেন থেকে প্রবর্তক মোড়, কোতোয়ালি মোড় থেকে ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট থেকে সদরঘাট, লালদীঘি থেকে আন্দরকিল্লা, সাগরিকা সড়ক, বিসিক শিল্পনগর সড়ক ও চিটাগাং বাইপাস সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ১০৬ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট উড়ালসেতু নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে। ৯১ কোটি টাকায় গণি বেকারি থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কের সম্প্রসারণকাজ দ্রুত চলতে দেখা গেছে। অলি খাঁ মসজিদ থেকে মুরাদপুর হয়ে অক্সিজেন সড়ক এবং বাদামতলী থেকে পাঠানটুলী পর্যন্ত সড়কের সম্প্রসারণকাজও চলছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ৪০ কোটি টাকা। একইভাবে অলংকার থেকে দেওয়ানহাট সড়ক সম্প্রসারণ, মোহরা শিল্প এলাকা সড়ক সম্প্রসারণ, কাজীর দেউড়িবাজার ও অ্যাপার্টমেন্ট নির্মাণসহ আরও ১৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামের দাবি, মুরাদপুর থেকে লালখানবাজার মোড় পর্যন্ত উড়ালসেতুর নির্মাণকাজ এ সরকারের আমলেই শুরু হচ্ছে। এ ছাড়া ফৌজদারহাট ও অক্সিজেনের কাছে দুটি বাস টার্মিনাল, একটি ট্রাক টার্মিনালসহ আরও ১১টি প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।ওয়াসা: জানা গেছে, সরকার ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’ নামে একটি বড় প্রকল্পের কাজে হাত দিয়েছে। এটির বাস্তবায়ন কাজ শেষ হলে নগরে আরও ১৩ কোটি ৬০ লাখ লিটার অতিরিক্ত সুপেয় পানির সরবরাহ বাড়বে।চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহর দাবি, বর্তমান সরকারের মেয়াদেই নগরবাসী নতুন প্রকল্প থেকে পানি সরবরাহ পাবে।