নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা সত্ত্বেও বর্তমান সরকারের সাড়ে চার বছরেও চালু হয়নি খুলনার খালিশপুরে অবস্থিত খুলনা নিউজপ্রিন্ট মিল। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর তৎকালীন সরকার মিলটি বন্ধ ঘোষণা করে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, এটি চালু করার বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দায়িত্ব দেওয়া হয়েছে। বুয়েট এখনো প্রতিবেদন দেয়নি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটির সদস্যসচিব নিজামউর রহমান বলেন, ‘একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি, অপর দিকে জনসভায় দেওয়া প্রধানমন্ত্রীর ঘোষণার পর খুলনাবাসী এখন কোনো আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চায় না। এখন আমাদের একটিই প্রত্যাশা—কবে মিলটি চালু হবে।’
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল আমিন বলেন, ‘মিলটি চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করছি, দ্রুত এ বিষয়ে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে।’
স্থানীয় সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘এটি চালুর জন্য আমরা চেষ্টা করছি। এ জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কাজ করছে।’
খোঁজ নিয়ে জানা যায়, এ মিলটি চালুর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। বেগম মন্নুজান সুফিয়ান একাধিক জনসভায় বলেছিলেন, তাঁর দল সরকার গঠন করলে এ মিলটি চালু করা হবে। নির্বাচিত হওয়ার পর তাঁকে দেওয়া একাধিক সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি মিলটি চালু করার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলটি পরিদর্শন করেন। এরপর ২০১১ সালের ৫ মার্চ খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিউজপ্রিন্টসহ সব বন্ধ মিল চালু করা হবে বলে ঘোষণা দেন।
মিল সূত্রে জানা যায়, বর্তমানে বন্ধ মিলটির পাহারার দায়িত্বে রয়েছেন ৩৮ জন। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ মিলিয়ে বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৬০-৬৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মিলের যন্ত্রপাতি ও নদীর ধারে থাকা ১২-১৩টি লঞ্চও প্রায় ধ্বংস হওয়ার পথে। লঞ্চের ইঞ্জিনসহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। এভাবে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) এ মিলের গুদামে সার রাখছে। এ ছাড়া মিলের আবাসিক এলাকাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর সদর দপ্তর হিসেবে ব্যবহূত হচ্ছে। একমাত্র বিদ্যালয়টি এমপিওভুক্তি হিসেবে পরিচালিত হচ্ছে। ফলে ধীরে ধীরে ঐতিহ্য হারাচ্ছে মিলটি।
১৯৫৭-৫৮ সালে ১০৩ একর জমিতে খুলনা নিউজপ্রিন্ট মিল স্থাপন করা হয়। বছরে ৪৮ হাজার মেট্রিক টন নিউজপ্রিন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৫৯ সালে মিলটির যাত্রা শুরু হয়। প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারীসহ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়।