সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতির ১০ বছরেও কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে চালু হয়নি সম্মান কোর্স। কৃষিবিজ্ঞান বিষয়ের অনুমোদন ও শিক্ষার্থী থাকার পরও এ বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। সৃষ্টি হয়নি উপাধ্যক্ষ ও গ্রন্থাগারিকের পদও। কলেজের প্রধান সহকারীর পদটি পাঁচ বছর ধরে শূন্য রয়েছে।কলেজের হিসাব সহকারী মো. জয়নাল আবেদীন জানান, ১৯৭২ সালের ১ জুলাই ছয় একর ৪১ শতক জায়গা নিয়ে প্রতিষ্ঠিত বরুড়া শহীদ স্মৃতি কলেজটি ১৯৮৫ সালের ১ জুলাই জাতীয়করণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে এখানে এক হাজার ১২১ জন শিক্ষার্থী রয়েছেন। ২০০১ সালের ২৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সফরে এসে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালুর প্রতিশ্রুতি দেন।কলেজ সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১১ জুলাই সাতটি বিষয়ে সম্মান কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ও উপযোজন ফি জমা দেওয়া হয়। এতে বলা হয়, ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে সম্মান কোর্স চালু করা সম্ভব। ওই বছরের ৮ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল কলেজ পরিদর্শনেও আসে। এরপর কয়েক দফা চিঠি চালাচালি হয়।কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) আওলাদ হোসেন বলেন, পাশের চান্দিনায় বেসরকারি কলেজে সম্মান কোর্স চালু হয়েছে, লাকসাম কলেজেও চালু হয়েছে। কিন্তু প্রয়োজনীয় শিক্ষার্থী, জায়গা ও অবকাঠামো থাকা সত্ত্বেও এখানে সম্মান কোর্স চালু করা হচ্ছে না। সুশাসনের জন্য নাগরিক-সুজন বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার বলেন, ১০ বছরেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। রাজনীতিকদের ব্যর্থতা ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় সেটি বাস্তবায়িত হচ্ছে না।এদিকে কলেজের ২৮ জন শিক্ষকের মধ্যে ১০টি পদই শূন্য। প্রাণিবিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। কৃষিবিজ্ঞান বিষয়ের অনুমোদন ও শিক্ষার্থী থাকলেও ৩৯ বছরে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। সৃষ্টি হয়নি উপাধ্যক্ষ, গ্রন্থাগারিকের পদও। কলেজের প্রধান সহকারীর পদটি পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহফুজুল কাদের সাইনুর বলেন, এখানে সম্মান কোর্স চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হতো। সময়ের প্রয়োজনে এটি চালু করা দরকার। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বেন ইয়ামিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে এগোব। এর বেশি কিছু এ মুহূর্তে বলতে পারব না।’