প্রতিষেধকের অভাবে মারা যাচ্ছে হাঁস-মুরগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামে হাঁস-মুরগি ও কবুতরের ডাক প্লেগ ও রানীক্ষেত রোগ দেখা দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই রোগের প্রতিষেধক না থাকায় গত এক মাসে অসংখ্য হাঁস-মুরগি ও কবুতর মারা গেছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা এসব প্রতিষেধক বাইরে বিক্রি করে দিয়েছেন। এতে পোলট্রি খামারমালিক ও গৃহস্থ ব্যক্তিরা ক্ষতির মুখে পড়েছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শীত মৌসুমের শুরুতে রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কায় আগেভাগেই জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী আর ভি ডি প্রতিষেধক (রানীক্ষেত রোগের ভাইরাস ভ্যাকসিন) সরবরাহ করা হয়ে থাকে।
রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে গত নভেম্বরে ১৩০ ও ডিসেম্বরে ১৫০ ইমপুল আর ভি ডি সরবরাহ করা হয়। এগুলো থেকে ২৮ হাজার মুরগি বা কবুতরকে টিকা দেওয়া সম্ভব (প্রতি ইমপুল ভ্যাকসিন দিয়ে ১০০ মুরগি বা কবুতরকে টিকা দেওয়া যায়)। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ৮ ডিসেম্বরের পর থেকে আর ভি ডি ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের রেজিস্টার ঘেঁটে দেখা যায়, ডিসেম্বরের ১৫০ ইমপুলের মধ্যে মাত্র ৯ ইমপুল ভ্যাকসিন বিতরণের হিসাব উল্লেখ আছে। বাকি ১৪১ ইমপুল ভ্যাকসিনের হিসাব নেই।
উপজেলা সদরের গোরস্থান সড়ক এলাকার ফাতেমা বেগম বলেন, তাঁর ১১টি হাঁস সম্বল ছিল। সবগুলোই মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বারবার গিয়েও তিনি প্রতিষেধক পাননি।
পুটিয়াখালী আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সোহরাব হোসেন বলেন, ‘গত ১৫ দিনে আমার এবং প্রতিবেশী হুমায়ুন কবির ও আওলাদ হোসেনের শতাধিক হাঁস-মুরগি মারা গেছে। আমি তিনবার প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়েও ভ্যাকসিন পাইনি।’
টিঅ্যান্ডটি সড়ক এলাকার সঞ্জীব কুমার শিকদার বলেন, ‘গত এক সপ্তাহে আমার ২২টি মুরগি মারা গেছে। প্রাণিসম্পদ কার্যালয়ে বেশ কয়েকবার ধরনা দিয়েও ভ্যাকসিন পাইনি। তারা ফার্মেসি থেকে ভ্যাকসিন কেনার পরামর্শ দিয়েছে।’
মনোহরপুর গ্রামের পোলট্রি খামারি মো. রবিউল ইসলাম জানান, তাঁরা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিন না পাওয়ায় বাইরে থেকে চড়া দামে কিনেছেন।
আরেক খামারি সোহরাব হোসেন বলেন, ‘শীতের শুরুতে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় বেশি। আমরা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিন না পাওয়ায় পৌষ ও মাঘ মাসে মুরগির বাচ্চা খামারে তুলি না।’
গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেকেই প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার বলেন, ‘আমরা যে ভ্যাকসিন পেয়েছি তা সরবরাহ করেছি। ভ্যাকসিন বাইরে ফার্মেসিতে বিক্রির সুযোগ নেই। লোকজনের চাপ ও ভিড়ের কারণে আমরা অনেকের নাম খাতায় (রেজিস্টার) লিখতে পারিনি।’