‘জন্ম থেকে ছেলেটা কানে শোনে না। অন্য শিশুরা যখন দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তখন সে চুপচাপ বসে থাকত। এ স্কুলে (ব্লুমস) এসে ছেলেটা সহপাঠীদের সাথে খেলাধুলা করে। এখন কিছুটা হলেও ভালো লাগছে। তবে আরও ভালো লাগত, যদি স্কুলের প্রতিষ্ঠাতা বেঁচে থাকতেন।’
প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে এসে এভাবে কথাগুলো বলেন বিশেষায়িত স্কুল ব্লুমসের শিশু শিক্ষার্থী আসিফ হোসেনের (৬) মা আঁখি আক্তার। গতকাল শুক্রবার এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহত মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিবন্ধী শিশুদের ভালোবাসতেন রবিউল করিম। সমাজের অবহেলিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু ও কিশোরদের জন্য বাড়ির অদূরে সদর উপজেলার বাসাই গ্রামে ২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) নামে বিশেষায়িত বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৩২ জন প্রতিবন্ধী শিশু ও কিশোর পড়ালেখা করছে।
গতকাল দিনব্যাপী এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ। বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, বিশেষজ্ঞ চিকিৎসক সোনিয়া সুলতানা, উম্মুল খায়ের আলম, নওশের আলী ভূঁইয়া, জান্নাত-ই-নূরসহ যোগাযোগ বৈকল্য বিভাগের ২০ জন শিক্ষার্থী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন। পাশাপাশি শিশুদের প্রতি করণীয় সম্পর্কে অভিভাবকদের পরামর্শও দেওয়া হয়। তিনটি ভাগে বিভক্ত হয়ে ৩২ জন শিশু-কিশোরের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকেরা।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নূরুজ্জামান, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ, ব্লুমসের কার্যকরী পরিষদের চেয়ারম্যান জি আর শওকত আলী, নির্বাহী সদস্য আবদুল আলীম খান, পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর আলম, সদস্যসচিব রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস্ প্রমুখ।
সরেজমিনে বুদ্ধিপ্রতিবন্ধী বৃষ্টি সিদ্ধার (৫) মা মনীষা সিদ্ধার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘জন্ম থেকেই মেয়ের এ দশা। এক দিন রবিউল বাড়িতে এসে হাজির। এরপর তাঁর পরামর্শে মেয়েকে স্কুলে নিয়ে যাই। তিনি নেই, তবে আশা ছাড়ি নাই। মেয়ে সুস্থ হোক আর না হোক, স্কুলের সময়টা ভালোই কাটে। এই যে ডাক্তাররা চিকিৎসা করতাছে, ভালোই লাগে।’
হাকিম আরিফ বলেন, এ বিদ্যালয়ের বিশেষায়িত শিশুদের ভাষা ও আচরণের কী সমস্যা আছে এবং কীভাবে এসব শিশুর সেবা দেওয়া যায়, শিক্ষকেরা তা জানেন না। সমস্যা সম্পর্কে না জানলে সেই শিক্ষা ফলপ্রসূ হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ থেকে এখানকার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে রেজাউল করিম যে মহৎ কাজ করে গেছেন, সেই দায় থেকে তাঁরা স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করেন। বিশেষায়িত শিশুদের এই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যে উপাত্ত পাওয়া গেছে, তা পরবর্তী সময়ে গবেষণার ক্ষেত্রে কাজে লাগবে।