প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রলীগের তোপের মুখে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে এক মাসের বেশি বন্ধ থাকার পর গত শনিবার খুলে দেওয়া হয় রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। কিন্তু ছাত্রলীগের বিবাদ না মিটিয়েই প্রতিষ্ঠান খোলায় তাদের তোপের মুখে পড়েছে আইএইচটি কর্তৃপক্ষ। অতীতের সব সংঘর্ষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে আইএইচটি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের এ ছাত্র সংগঠনটি।

আইএইচটি সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এক কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে নগরের রাজপাড়া থানায় মামলা করেন। ওই সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউটের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে নয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।

সূত্রটি জানায়, ১ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেটা করা সম্ভব হয়নি। এরপর গত শনিবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস ছিল। ১১ ফেব্রুয়ারি রয়েছে ডিপ্লোমা কোর্সের ফার্মাসি অনুষদের মৌখিক পরীক্ষা। এ বিষয়গুলো বিবেচনা করে কর্তৃপক্ষ শনিবার ইনস্টিটিউট খুলে দেয়। বিশৃঙ্খলার আশঙ্কায় গতকাল রোববার পুলিশ মোতায়েন করা হয় ক্যাম্পাসে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ইনস্টিটিউট খোলার খবর পেয়ে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ তাঁর অনুসারীদের নিয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ কার্যালয়ে যান। তিনি অধ্যক্ষের কাছে ছাত্রলীগের বিবাদ মীমাংসা না করে প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চান। এ ছাড়া তিনি অধ্যক্ষকে তাঁর সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন। তখন অধ্যক্ষ নাকি তাঁকে বলেছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে নেবেন। কিন্তু তাঁর (খায়রুজ্জামান) সঙ্গে কথা না বলে ইনস্টিটিউট খুলে তিনি (অধ্যক্ষ) তাঁকে অমান্য করেছেন বলে রকি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি অধ্যক্ষকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতীতে যত সংঘর্ষের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। নইলে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষ বলেন, অতীতেও অনেক সংঘর্ষ হয়েছে। অধ্যক্ষ শুধু একটি পক্ষের হয়ে কাজ করেছেন। নিরপেক্ষভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। রকি কুমার ঘোষ ২৪ ঘণ্টার মধ্যে অতীতে যেসব সংঘর্ষের ঘটনা ঘটেছে তদন্ত করে সেসবের ব্যবস্থা নিতে অধ্যক্ষকে বললেও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘একটা গন্ডগোল হয়েছে এটা মীমাংসা করে প্রতিষ্ঠান খুলতে হবে।’

ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, এটি একটি সরকারি প্রতিষ্ঠান। ছাত্রলীগের বিবাদ মেটানোর জন্য তিনি একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে এত দিন প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন না। তিনি বলেন, গত শনিবার শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস ছিল। এটা সরকারি সিদ্ধান্ত। এর আগে শিক্ষার্থীরা বিছানাপত্র নিয়ে এসে তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল। তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাই বাধ্য হয়ে তিনি প্রতিষ্ঠান খুলে দিয়েছেন।