প্রতিষ্ঠান বন্ধ, সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি বিক্রি!
ফরিদপুরে প্রায় দুই যুগ ধরে বন্ধ একটি শিল্পপ্রতিষ্ঠানের কথিত পরিচালকদের বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি অবৈধভাবে বিক্রি ও তৎকালীন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে নামজারির অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাবিদার মো. আবদুস সামাদ শেখ ২০১০ সালে স্ত্রীসহ আত্মীয়স্বজনের কাছে ১০৫ শতাংশ আয়তনের ওই জমি মাত্র ৪৯ লাখ ৮৩ হাজার টাকায় বিক্রি করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সরকারি হিসাবে ওই জমির দাম ৭৮ লাখ ৭৫ হাজার টাকা।ফরিদপুরের সরকারি কৌঁসুলি (জিপি) অসিত কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, সরকারি কোনো জমি অধিগ্রহণ করে কোনো প্রতিষ্ঠানকে যে কাজের জন্য দেয়, তার বাইরে অন্য কাজে ওই সম্পত্তি ব্যবহারের সুযোগ নেই। আর পরিচালকেরা কখনো ওই জমি বিক্রি করতে পারেন না।খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ১৯৭০ সালে ফরিদপুর শহরের আলীপুরের ওই জমি অধিগ্রহণ করে ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরি নামের একটি ওষুধ কোম্পানিকে বরাদ্দ দেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কিরণ লাহেরী নামের এক ব্যক্তি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে ভারতে চলে যান।সামাদ শেখ দাবি করেন, মুক্তিযুদ্ধের পর পর্যায়ক্রমে মহিউদ্দিন আহমেদ ও বদরউদ্দীন আহমেদ নামের দুই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন। ১৯৮৬ সালে সামাদ ও তাঁর স্ত্রীর বোনের স্বামী ও শ্যালক ওই কোম্পানির সব শেয়ার আট লাখ ৪৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে ২০১০ সালের ২৮ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই জমি কোম্পানির অন্য তিন পরিচালক সামাদ শেখের স্ত্রী মমতাজ মহল, স্ত্রীর বোনের স্বামী এম এ মতিন ও শ্যালক সৈয়দ গোলাম মোর্তজার কাছে বিক্রি করে দেওয়া হয়। জমিটি বিক্রির পর নামজারির জন্য উপজেলা ভূমি কার্যালয়ে রেজ্যুলেশনের কপি জমা দেওয়া হয়। পরে জমিটি কিনে নেওয়া ব্যক্তিদের নামে নামজারি করা হয়।প্রতিষ্ঠানটির সভার কার্যবিবরণীতে দেখা গেছে, পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের বাকি একজন পরিচালক হলেন ননী গোপাল সাহা। তিনি জানান, ওই কোম্পানির সঙ্গে তিনি জড়িত নন। কীভাবে তাঁকে পরিচালক হিসেবে দেখানো হয়েছে, তা তাঁর বোধগম্য নয়। নামজারির জন্য ভূমি কার্যালয়ে দেওয়া কাগজপত্রে তাঁর নামের বিপরীতে যে স্বাক্ষর দেওয়া হয়েছে, সেটাও তাঁর নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে তিনি অভিযোগ দাখিল করেন।ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান বলেন, খাসজমি বা ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে যে প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয়, তা পরিবর্তন করা যায় না। ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সরকার জায়গা ফেরত নিতে পারে।জমিটি নামজারি করার সময় পৌর ভূমি কার্যালয়ের তহশিলদার, বর্তমানে তিনি অম্বিকাপুর কার্যালয়ের দায়িত্বে থাকা চান মিয়া বলেন, তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) দেবপ্রসাদ পালের নির্দেশে নামজারি করা হয়েছে। দেবপ্রসাদ পাল বর্তমানে বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘আমি তো নথি না দেখে কিছু বলতে পারছি না। নামজারি করার পরও তা বাতিল করার সুযোগ রয়েছে।’