নির্মাণশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নির্মাণপ্রতিষ্ঠানগুলোকেই নিজস্ব নিরাপত্তা নীতিমালা তৈরি করতে হবে। নির্মাণশ্রমিকদের নিয়োগে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রক্রিয়া অবলম্বনের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে কাজ করার সময় তাঁরা নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারেন।
নির্মাণশ্রমিক ও তাঁর কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে গতকাল শনিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ পরামর্শ দেন। তাঁরা এই শিল্পে নিরাপত্তা ঝুঁকির পেছনে শ্রমিকদের অনানুষ্ঠানিক নিয়োগ, শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অসচেতনতা এবং অকার্যকর সরকারি পর্যবেক্ষণকে দায়ী করেন। শেল্টেক্ (প্রা.) লিমিটেড ও ডেইলি স্টার যৌথভাবে গোলটেবিল বৈঠকটি আয়োজন করে।
একটি বেসরকারি গবেষণার বরাত দিয়ে বৈঠকে শেল্টেক্-এর পরিচালক সামিয়া সেরাজ বলেন, গত বছর ১৪৭ জন নির্মাণশ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। তবে বছরে গড়ে এই মৃত্যুর হার ১০০। নিহত শ্রমিকদের অধিকাংশই ওপর থেকে পড়ে ও বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর ঘটনা ছাড়াও শ্রমিকেরা শ্বাসতন্ত্রের সমস্যা, চর্মরোগ, শ্রবণক্ষমতা হ্রাসসহ বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন।
সামিয়া সেরাজ বলেন, জনবলের অভাবে সরকার নির্ধারিত সংস্থাগুলো কার্যকর তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এমনকি নিরাপত্তা নীতিমালা কে বাস্তবায়ন করবে এবং দুর্ঘটনা ঘটলে কে দায়ী হবে, সে সম্পর্কেও সংস্থাগুলো দ্বিধাদ্বন্দ্বে থাকে। অন্যদিকে, অনেক নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যয়ের কথা চিন্তা করে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থায় আগ্রহ দেখায় না।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশের বড় শিল্প খাতগুলোর মধ্যে নির্মাণ খাত অন্যতম। কিন্তু এই খাতে স্থায়ী কোনো শ্রমিক নেই। এটি পুরোটাই ঠিকাদারের ওপর নির্ভরশীল। নির্মাণশ্রমিক নিয়োগে আনুষ্ঠানিক পদ্ধতি অবলম্বন না করলে এই খাতে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি বলেন, অনেক নির্মাণপ্রতিষ্ঠানের মধ্যেই শ্রমিকের জীবনের মূল্য না দেওয়া এবং শ্রমিকদের নিরাপত্তা এড়িয়ে চলার সংস্কৃতি গড়ে উঠেছে। এই সংস্কৃতি ত্যাগ করতে হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করবে না, সেসব প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে না, সেই প্রতিষ্ঠানের বিল আটকে দিতে হবে। তিনি বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের নিরাপদ পানি, বাসস্থান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটি করলে শ্রমিকেরা নিরাপত্তা নীতিমালা অনুসরণে অনুপ্রাণিত হবেন।
অধ্যাপক আইনুন নিশাত বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে এসব প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে। সব সময় সরকারের ওপর সব দায়িত্ব দেওয়া যায় না। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাসে নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্তির সুপারিশ করেন।
বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি তানভিরুল হক বলেন, সামগ্রিকভাবে নির্মাণশিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার মতো গ্রামপর্যায়েও নজর দিতে হবে। পাশাপাশি তিনি নিরাপত্তা সরঞ্জামের ওপর কোনো ধরনের শুল্ক আরোপ না করার দাবি জানান।
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, নির্মাণশিল্পের উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ডেইলি স্টার নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। পাশাপাশি সংবাদপত্রের দায়িত্ব হিসেবে এই শিল্পের ত্রুটিগুলোও চিহ্নিত করতে কাজ করবে ডেইলি স্টার।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাইল শিপার, শেল্টেক্-এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ, সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী, ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহেদুল আনাম খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম সাইফুল আমিন, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক প্রমুখ বক্তব্য দেন।