প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন ও সঠিকভাবে কাজ করতে পারে, তাহলে সুশাসন নিশ্চিত করা সম্ভব। সরকার সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এরা স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে। এ ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ার সুশাসন ও জনসেবার রূপান্তর শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, তবে স্বাধীন প্রতিষ্ঠান মানে এই নয় যে, তা ইচ্ছামতো চলবে। ২০১৫ সালের মধ্যে শেষ হওয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী ধাপ কী হবে, তা নিয়ে এক চলমান আলোচনার অংশ হিসেবে আজ ও আগামীকাল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউএনডিপি এশিয়া প্যাসিফিকআঞ্চলিক কেন্দ্র এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইনের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিস (আইজিএস) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, দারিদ্র্যের কারণ শুধু সম্পদের অভাব নয়। সুশাসনের অভাব হলে ও দুর্নীতি বাড়লে দারিদ্র্য বাড়ে। আর দুর্নীতি হচ্ছে মানবতার বিরুদ্ধে একধরনের অপরাধ। সুশাসন নিশ্চিত করতে সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। অনুষ্ঠানে ইউএনডিপির বাংলাদেশের দেশীয় পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) স্টিফেন ফ্রেইজনার বলেন, এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বেশ কিছু অর্জন রয়েছে। শিশুমৃত্যুর হার কমানো, নারীদের শিক্ষার হার বাড়ানোসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বেশ ভালো। তবে প্রাকৃতিক সম্পদ টেকসইভাবে ব্যবহার না হলে পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে বলে মন্তব্য করে স্টিফেন ফ্রেইজনার বলেন, পরিবেশ রক্ষায় আরও বেশি মনোযোগ দিতে হবে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সালমান জাইদি ও আইজিএসের পরিচালক রিজওয়ান খায়ের বক্তব্য দেন। আজ থেকে শুরু হওয়া মূল সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধি ও অর্থনীতিবিদেরা বক্তব্য দেবেন। আগামীকাল ঢাকা ঘোষণা হিসেবে সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হবে।