প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় দরকার: দেবাশীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেলের প্রধান ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেছেন, দেশের প্রচলিত প্রশাসন ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে তেমন কোনো সমন্বয় দেখা যায় না। ফলে প্রশাসনিক কাজে ও সেবা গ্রহণে পার্বত্য চট্টগ্রামের জনগণের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। গতকাল শনিবার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে ‘স্থায়িত্বশীল সুশাসন কৌশল হিসেবে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসনিক আইনসমূহ গতিশীলকরণ’ প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় এ কথা বলেন। দেবাশীষ রায় বলেন, একই স্থানে একাধিক প্রতিষ্ঠান যদি জনগণকে জুলুম না করে নিজ নিজ অবস্থান থেকে সেবাদান করে, সেটা হবে মঙ্গলজনক। সেখানে দ্বৈত শাসন চলছে বলা যাবে না। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইনগুলোকেও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনেয়ারা বেগম বলেন, আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয়। দেশের প্রচলিত আইনের বাইরেও পার্বত্য চট্টগ্রামে বিশেষ কিছু আইন কার্যকর রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এসব আইন ইতিবাচকভাবে দেখলে এবং মেনে চললে সবার জন্য মঙ্গলজনক হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা এবং প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জারজীস মো. মোবাশ্বের। সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শতাধিক উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি এবং মৌজাপ্রধান হেডম্যান ও গ্রামপ্রধান কার্বারি অংশ নেন।