প্রতিষ্ঠানটি নিজেই যেন প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের বিশেষ অলিম্পিকে পদক পাওয়া ১৩ বাংলাদেশির মধ্যে সাতজনই এই বিদ্যালয়ে পড়েছেন। ২০০৭ সালের বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া দুজনের লেখাপড়ার হাতেখড়িও এখানে। সেই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সমস্যাটা এখন খেলাধুলার ক্ষেত্রেই।

খেলার মাঠ থাকলেও বছরের অর্ধেক সময়জুড়ে সেখানে পানি জমে থাকে। রয়েছে অন্যান্য সমস্যাও। প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান হলেও তাদের উপযোগী শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণের অভাব প্রকট। আবাসনের ব্যবস্থা নেই; নেই যানবাহনও।

প্রতিষ্ঠানটির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে ৩৫ শতক জমির ওপর ৩০ জন শিক্ষার্থী নিয়ে এ কেন্দ্রের যাত্রা শুরু হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত হয় ২০০৩ সালে। বর্তমানে এটি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

এ কেন্দ্রে ১২ জন শিক্ষক ও ছয়জন কর্মচারীরয়েছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে দুই শতাধিক। এখানে  দৃষ্টি, বাক্‌, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী এসব ছেলেমেয়েকে নানা বিষয়ে পাঠদান করা হয়। প্রাথমিক শিক্ষার পাশাপাশি রয়েছে বিশেষ শিক্ষা। এ ছাড়া হাতের সেলাইকাজ ও মোমবাতি তৈরির মতো বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন খেলাধুলা শেখানোর ব্যবস্থা।

প্রধান শিক্ষক আনিছুর রহমানবলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি নিচু হওয়ায় পানি জমে থাকে। ফলে এখন বছরের ছয় মাসই শিক্ষার্থীরা সেখানে খেলতে পারে না। অথচ এ বিদ্যালয়েরই সাবেক দুই শিক্ষার্থী ২০০৭ সালে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করেন। তাঁরা হলেন আশরাফুল আলম (ক্রিকেট)ও আরিফুল ইসলাম (অ্যাথলেটিকস)।

প্রধান শিক্ষক আরও বলেন, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের মোট ১৩ জন পদক পান। তাঁদের মধ্যে আটজনই সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের। তাঁরা হলেন আশরাফুল আলম, উল্লাস মিয়া, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, জহির রায়হান, কানিজ ফাতেমা, রতন মিয়া ও মুন্নী আক্তার।

কেন্দ্রের যে মাঠে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হবে, সেটিই ছয় মাস জলাবদ্ধ থাকে। মাঠটি কবে ঠিক হবে, তা বলতে পারে না কেউ। এ প্রসঙ্গে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান বলেন, বিদ্যালয়ের নিচু মাঠটি মাটি দিয়ে ভরাট করতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী জানুয়ারির মধ্যে মাঠটি ঠিক করে দেওয়া হবে।

বিদ্যালয় সূত্র বলছে, শ্রেণিকক্ষগুলো প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হয়নি।প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ চেয়ার ও টেবিলের দরকার হলেও তা নেই। পাশাপাশি তাদের উপযোগী খেলনা, সাত রঙের বল, সিডি, ভিডিও গেম ও কম্পিউটারের অভাব রয়েছে। বিদ্যালয়ে ছেলেমেয়েদের ফিজিওথেরাপিসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কিন্তু এই সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এ ছাড়া আবাসনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে আসতে হয়। কিন্তু তাদের যাতায়াতের জন্য কোনো যানবাহনের ব্যবস্থা করা হয়নি।

কেন্দ্রের সহকারী শিক্ষক মন্টুলাল তেওয়ারী বলেন, উপযুক্ত শিক্ষা পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। কিন্তু পর্যাপ্ত উপকরণ ও সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো শেখানো যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এজেড মোরশেদ আলী বলেন, পর্যাপ্ত অর্থ না থাকায় ওই কেন্দ্রের সমস্যাগুলো সমাধান করা যায়নি। তবে আগামী বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দ পাওয়ার চেষ্টা করা হবে।