শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউকে সঠিক পথে আনা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে।
শিক্ষামন্ত্রী গতকাল বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে আলেমদের ভূমিকা’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছছীনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ কে এম ছায়েফ উল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহ-উপাচার্য মো. আক্তারুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জঙ্গি সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। যাঁরা শিক্ষার্থীদের মাঝে ধর্মের বিভ্রান্তি ছড়িয়ে নানা প্রলোভন দেখিয়ে তাঁদের বিপথগামী করছেন, সেসব শিক্ষককে নজরদারির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।
ইসলামের শিক্ষা তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে উপস্থিত আলেমদের প্রতি আহ্বান জানিয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘মসজিদে খুতবায় অনেক ইমাম যে ধরনের বয়ান পেশ করেন, তা এ দেশের প্রচলিত সমাজব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অপব্যাখ্যা পরিহার করে প্রচলিত দ্বীনি ব্যাখ্যা দিতে হবে।’ ব্যাপক জানাশোনা, সঠিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্বসম্পন্ন মানুষকে ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে বলেও উল্লেখ করেন ইউজিসির চেয়ারম্যান।