প্রতিষ্ঠানের গাছ বিক্রি করায় কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষকে না জানিয়ে প্রতিষ্ঠানের গাছ ও গভীর নলকূপ বিক্রি করার অভিযোগে কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এনায়েতুর রহমান চৌধুরীকে ঢাকায় প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সম্প্রতি গোপনে প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকা মূল্যের ১৮টি গাছ বিক্রি করে দেন এনায়েতুর রহমান। গত বৃহস্পতিবার ঢাকা থেকে পাট গবেষণা ইনস্টিটিউটের বংশগতি সম্পদ ও বীজ বিভাগের প্রধান মো. আব্বাস আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুজিবর রহমান ও উপপরিচালক (অর্থ) আবদুল মতিন কিশোরগঞ্জে পৌঁছে এ ব্যাপারে সরেজমিন তদন্ত করেন। তদন্ত কমিটিকে বিভ্রান্ত করতে কেটে নেওয়া গাছের গোড়ায় মাটি ফেলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এনায়েতুর রহমান চৌধুরী। গত রোববার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামাল উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান। প্রতিবেদন জমা দেওয়ার পরই এনায়েতকে কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়। গতকাল বিকেলে পাট গবেষণা কেন্দ্রের মহাপরিচালক মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।