প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনলাইন গণমাধ্যমের জন্য একটি আলাদা নীতিমালা করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এর একটি খসড়াও তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান স্থাপন কিংবা পরিচালনা করতে লাইসেন্স লাগবে। গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কয়েকটি অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের খসড়ার অনুলিপি দিয়ে এ বিষয়ে ১০ দিনের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে খসড়া চূড়ান্ত করা হবে বলে তথ্যসচিব জানান। খসড়ায় বলা হয়েছে, লাইসেন্স নেওয়ার জন্য এককালীন পাঁচ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবছর ৫০ হাজার টাকা ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হবে। অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় তথ্য মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (সম্প্রচার) সভাপতি করে নয় সদস্যের আরও একটি তদারকি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে খসড়ায়।খসড়ায় বলা হয়, অনুমোদিত বিদ্যমান টেলিভিশন ও বেতার চ্যানেল এবং সংবাদপত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত রেখে অনলাইন সংস্করণ রাখতে পারবে। এতে আরও বলা হয়, অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনাকারীর (পত্রিকার ক্ষেত্রে সম্পাদক) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান হতে হবে। এ ছাড়া সাংবাদিকতায় প্রথম শ্রেণীর পত্রিকায় (প্রচারসংখ্যার ভিত্তিতে) দুই বছর কাজের অভিজ্ঞতা ও যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে। অনলাইন পত্রিকার ক্ষেত্রে পরিচালনাকারীর ন্যূনতম পাঁচ লাখ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে দুই লাখ টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। প্রতিষ্ঠানগুলোকে সরকারের সেন্সর নীতিমালা অনুসরণ করতে হবে। দেশের ‘অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থীসহ’ এ ধরনের কিছু বিষয়ের সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না।