প্রতিষ্ঠানের প্রধানসহ নয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবান, লবণের প্রলোভনের মাধ্যমে প্রতারিত করার ঘটনায় মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাগপাড়া গ্রামের প্রতারিত সালমা আক্তার বাদী হয়ে গত সোমবার বিকেলে আলামিন ফরাজীসহ নয়জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন: আলামিন ফরাজীর স্ত্রী দিলুয়ারা (৪০), মেয়ে তাহমিনা আক্তার (১৯), শ্যালক রফিকুল ইসলাম (৩০) ও মো. জাহাঙ্গীর আলম (২৬); কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার সাইফুল ইসলাম (৫০), চাঁদের হাসি গ্রামের কুতুব উদ্দিন (৩৫), আবদুল খালেক, (৩৫) ঝিকরজোড়া গ্রামের খোশনাহার (৩৫) ও জামালপুর জেলার মো. ইউসুফ (৪০)। পুলিশ গতকাল মঙ্গলবার আবদুল খালেককে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আলামিন ফরাজী তাঁর আত্মীয়স্বজনকে বিভিন্ন পদে বসিয়ে ‘মডেল ডিজিটাল বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান চালু করেন। এটিকে তাঁরা জাতিসংঘের একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রচার চালিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের সদস্য হতে ৩৬২ টাকা দিতে হবে। বিনিময়ে মাসে একটি সাবান ও এক কেজি লবণ দেওয়া হবে। এভাবে একনাগাড়ে পাঁচ বছর চলবে। একজন নারী সদস্য ন্যূনতম ৭২ জনকে সদস্য করতে পারলে তাঁকে ব্যবস্থাপক করা হবে। ব্যবস্থাপকের মাসিক বেতন হবে এক হাজার ২৪০ টাকা। এসব প্রতিশ্রুতির কথা শুনে কিশোরগঞ্জ সদর, নিকলী, পাকুন্দিয়া, মিঠামইন, কটিয়াদী ও করিমগঞ্জ উপজেলার দরিদ্র নারীরা ওই প্রতিষ্ঠানের জন্য সদস্য সংগ্রহ করেন। ৩১০ জন ব্যবস্থাপক প্রায় ১৪ হাজার সদস্য সংগ্রহ করেন। শুরুর তিন মাস লবণ ও সাবান ঠিকমতো দেওয়া হলেও পরে সেই কার্যক্রমে ভাটা পড়ে। অবশেষে মাস খানেক আগে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। দরিদ্র নারীদের ৫০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানটির প্রধান। পরে মুঠোফোনে আলামিন ফরাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হত্যার হুমকি দেন।