প্রতিষ্ঠানের সঙ্গে পরিবারের সমঝোতা, মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন মালিবাগ-মৌচাক সমন্বিত ফ্লাইওভারে (উড়ালসড়ক) দুর্ঘটনায় গত এক বছরে তিনজন শ্রমিক মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনায় উড়ালসড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারগুলো মালিকপক্ষের সঙ্গে সমঝোতা করেছে। পুলিশও কোনো মামলা করেনি।
গত ১২ মার্চ রোববার রাতে মালিবাগ-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের (উড়ালসড়ক) গার্ডার পরে একজন নিহত ও দুজন আহত হন। এর আগে একই উড়ালসড়কে মাথায় রড পড়ে গত বছরের ১৬ মার্চ রাব্বি আহমেদ ও বিদ্যুতায়িত হয়ে একই বছরের ১৬ জুন মো. সুমন নামে আরও দুজন মারা যান।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এই উড়ালসড়ক নির্মাণের সময় কতজন শ্রমিক মারা গেছেন এবং সবাই ক্ষতিপূরণ পেয়েছেন কি না, তা তাঁর মনে নেই।
রাব্বির বাবা কবির হোসেন জানিয়েছেন, নির্মাতা প্রতিষ্ঠান ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আর রোববারের ঘটনায় ক্ষতিপূরণ দিয়ে নিহত মো. স্বপন মিয়ার পরিবারের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্বপনের শ্যালক মাহফুজ পাঠান বলেন, মামলা করার ব্যাপারে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তমা কনস্ট্রাকশনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার স্বপনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন তাঁদের ৩০ হাজার টাকা দিয়েছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গত রোববারের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। আগের দুটি ঘটনায় মালিক ও ভুক্তভোগী পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। পুলিশও কোনো মামলা করেনি।
আইনজীবী শাহদীন মালিক বলেন, নির্মাতা প্রতিষ্ঠানের অবহেলার কারণে কারও মৃত্যু হলে বা কেউ আহত হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মালিকপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। এমন মামলার রায় বাদীর পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। মামলায় বিজয়ী হলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিহত ব্যক্তি বেঁচে থাকলে বাকি জীবনে যা আয় করতেন, অন্তত তাঁর অর্ধেক টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবেন।
রোববারের দুর্ঘটনায় নিহত স্বপন মূলত কাঠমিস্ত্রির কাজ করতেন। অতিরিক্ত আয়ের আশায় রোববার রাতে উড়ালসড়কের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করতে গিয়েছিলেন। তাঁর দায়িত্ব ছিল পিলারে গার্ডার ওঠানোর সময় আশপাশে যাতে সাধারণ মানুষ না আসতে পারে সে জন্য পাহারা দেওয়া। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান স্বপনের জন্য সতর্কতা ও নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেয়নি। স্বপনের মাথায় হেলমেট, পায়ে গামবুটসহ নিরাপত্তার কোনো সরঞ্জাম ছিল না।
কিন্তু শ্রম আইনে বলা আছে, কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োগকারীর। শ্রমিকের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ছাড়া নিয়োগকারী কাউকে কাজে নিয়োগ দিতে পারবে না।