বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী শহরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ বন্ধ, মুদ্রণ ত্রুটির জন্য দায়ীদের শাস্তি, প্রশ্নফাঁস, ভর্তি–বাণিজ্য বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। শোভাযাত্রা শেষে টাউন হল মোড়ে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মোবারক করিম। বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য বিটুল তালুকদার, জেলার সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক প্রমুখ। নোয়াখালী অফিস