প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। একই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে।সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘সাংবাদিকতায় সততা ও শুদ্ধাচার: গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন মুহমঞ্চদ মিজানউদ্দিন। ওই দিন ‘ঢাকার বাইরের ও ক্যাম্পাস সাংবাদিকতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। গত শুক্রবার ‘বাংলাদেশে উচ্চশিক্ষা: প্রত্যাশা এবং প্রাপ্তি’ শীর্ষক সেমিনার এবং সাংবাদিক সমিতির নবীন-প্রবীণদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গতকাল উৎসবের শেষ দিনে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।ইফতেখারুজ্জামান বলেন, সমাজের অসৎ ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস পান না। সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলেই কেবল দুর্নীতি রোধ করা সম্ভব। তিনি আরও বলেন, কালোটাকা সাদা করার অনুমতি দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এতে বৈধ পথে উপার্জনকারী ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন।