প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় আ.লীগের নির্বাচনী মহড়া
চার সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির পর ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীতে বিপুল মানুষের সমাগম ঘটিয়ে নির্বাচনী মহড়া দিয়েছে। দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ২৩ জুন আম্রকাননে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। বাংলার মানুষকে স্বাধীনতা দিতে সেই ২৩ জুনকে জন্মদিন হিসেবে বেছে নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন ও স্বাধীনতাযুদ্ধ হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুর জন্ম না হলে ঊনসত্তর হতো না, ছয় দফা পেতাম না, ছয় দফা না পেলে সত্তরের নির্বাচনে জয়লাভ করতে পারতাম না। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। তাঁর রক্তের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে আবারও ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসব। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস। কূটনৈতিক লড়াইয়ে জয়ী হয়ে মিয়ানমারের কাছ থেকে আরেকটি অর্জনের ইতিহাস। এই ইতিহাস কেউ কোনো দিন অর্জন করতে পারবে না। তিনি বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গেও মামলা চলছে। আমাদের আরেকবার ভোট দিন। মিয়ানমারের মতো আমরা আবারও এই লড়াইয়ে জয়ী হব।’
মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস মুক্তির ইতিহাস। স্বাধীনতার পক্ষের সব শক্তিকে আহ্বান জানাব, ‘আসুন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যারা বাংলার মানুষের ভাত ও ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ১৫ আগস্টে জাতির জনককে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধীরা বাংলার গণতন্ত্র ও স্বাধীনতার অর্জন ধূলিসাত্ করতে চেয়েছিল। এখনো ষড়যন্ত্র-চক্রান্ত বন্ধ হয়নি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ধ্বংস করতে চক্রান্ত চলছে।’
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আজ থেকে আমাদের নির্বাচনী প্রচারাভিযান শুরু হলো। সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। শেখ হাসিনাকে আমরা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাব। নির্বাচনের প্রস্তুতি নিন।’
সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে চলছে। নির্বাচনের সময় আর বেশি নেই। এখন থেকেই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।’