প্রতিষ্ঠাবার্ষিকীতে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল আনন্দমুখর

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর সরকার দেশের এই চারটি ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে।
এগুলো হলো: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গত ১১ বছরে এই চারটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসব বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রথম আলোর প্রতিনিধিরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
চুয়েটে আনন্দ শোভাযাত্রা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বেলা ১১টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, প্রীতিভোজ ও শিক্ষক-শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচ।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে স্নাতক এবং নয়টি বিভাগ ও গবেষণাকেন্দ্রে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।
কুয়েটে প্রীতি সমাবেশ: নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা দিনভর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশ। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন দিবস উদ্যাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন শিবেন্দ্র শেখর শিকদার।
এরপর উপাচার্য বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাবগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রুয়েটে সাংস্কৃতিক অনুষ্ঠান: সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এর উদ্বোধন করেন উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। এরপর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ছাড়াও নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাড়ে ১০টায় প্রশাসনিক ভবন চত্বরে শুরু হয় দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী এবং প্রোগ্রামিং কনটেস্ট। জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও উন্নতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। এ ছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।
ডুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ: বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, মূল অনুষ্ঠান কয়েক দিন পর অনুষ্ঠিত হবে।