
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৬টি ছররা গুলি ও ১০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে ২০১৫ সালের জুলাই মাসে জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মাহাবুব হোসেনকে সভাপতি ও সানোয়ার পারভেজকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ছাত্রলীগের একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে জি এম সিরাজী মিজানকে সভাপতি ও সৌরভ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি করে। সেই থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপনের জন্য গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের নেতাদের সঙ্গে সমঝোতায় বসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, মাহবুবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত। সভায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুই পক্ষকে একত্রে কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে সমঝোতা না হওয়ায় দুই পক্ষকে আলাদা আলাদা কর্মসূচি পালনের সিদ্ধান্ত দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেখভালের দায়িত্ব দেওয়া হয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে।
সিদ্ধান্ত অনুযায়ী মাহাবুব ও সানোয়ারের নেতৃত্বে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সরকারপাড়া থেকে শোভাযাত্রা বের করে চৌরাস্তা দিয়ে বেরিয়ে যান। এরপর নরেশ চন্দ্র সড়কের মোড় থেকে শোভাযাত্রাটি আবারও চৌরাস্তার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ দেখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা শোভাযাত্রাকারীদের ফিরে যেতে নির্দেশ দেন। এতে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে জেলা ছাত্রলীগের কর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগিয়ে গেলে সিরাজী ও সৌরভের পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। সে সময় দুই পক্ষ প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট, কাচের বোতল নিক্ষেপ করতে থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি কাঁদানে গ্যাসের শেল ও ৬টি ছররা গুলি ছোড়ে। এ ঘটনায় ১ পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন।
গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকীর সময় দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় সিরাজী, সৌরভসহ ৫ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল বলেন, মাহাবুব ও সানোয়ারের সমর্থকেরা আওয়ামী লীগের নেতাদের কথা অমান্য করে শোভাযাত্রা নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে গেলে ওই সংঘর্ষ হয়। এটা কোনোভাবেই কাম্য নয়। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।