প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের আহ্বানে বেলা দুইটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হকের আহ্বানে শহরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে বিকেল চারটায় আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘মনিরুলের অনুসারীদের আমরা কমিটিতে রেখেছি। ওদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ওরা কেন আলাদা কর্মসূচি ঘোষণা করল তা বুঝতে পারছি না।’অন্যদিকে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘একসঙ্গে কর্মসূচি দেওয়ার প্রশ্নই ওঠে না। অবৈধ কমিটির ডাকা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যেতে পারি না। তাই আমরা আলাদা কর্মসূচি দিয়েছি।’বিএনপির বিদ্রোহী পক্ষের কর্মসূচিতে প্রধান অতিথি থাকছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর। এ ব্যাপারে ইয়াছিন বা মনিরুল—কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে মনিরুলের অনুসারীরা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে না থাকায় বিরোধ দেখা দেয়। এরপর থেকে দলটির দুটি পক্ষ আলাদা কর্মসূচি ঘোষণা করে।