প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুত্ব দৃঢ় করার প্রত্যয়
প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা ১৪ বছর পূর্ণ করে ১৫ বছরে পা রেখেছে। বন্ধুসভার বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয় নিয়ে গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার নতুন-পুরোনো বন্ধুরা। শুরুতেই বন্ধুদের মিষ্টি ও কেক দিয়ে আপ্যায়ন করা হয়। সবার হাতে পরিয়ে দেওয়া হয় বন্ধুত্বের রাখিবন্ধন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা জানান প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীম, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, প্রথম আলো ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ প্রমুখ।প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আগত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুণেরাই আজকের বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। সে ক্ষেত্রে বন্ধুসভা পারে এই পরিবর্তনের সূচনা করতে। কারণ, বন্ধুসভা তরুণদের সভা।অনুষ্ঠানে বন্ধুরা নানা সময়ের পুরোনো মজার অভিজ্ঞতা বিনিময় করেন। কথা বলার ফাঁকে ফাঁকে চলে বন্ধুদের নাচ, গান আর কবিতা আবৃত্তি।