
নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এই পুনর্মিলনীর আয়োজন করে।
পুনর্মিলনী উপলক্ষে সকালে বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকেরা অংশ নেন। শোভাযাত্রাটি ফেনী-নোয়াখালী সড়ক হয়ে চৌমুহনী চৌরাস্তা ঘুরে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সাংসদ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খান, জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন প্রমুখ।
সকাল থেকে শিশুদের জন্য ছিল পুতুলনাচের ব্যবস্থা। এ ছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জেমস।