প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুল সমাগম ঘটাতে চায় বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুল সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে চট্টগ্রাম নগর বিএনপি। ঝিমিয়ে পড়া সংগঠনের নেতা-কর্মীদের চাঙা করতে স্থানীয় বিএনপি এই উদ্যোগ নেয়। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের করা হবে বলে আয়োজকেরা জানান। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমরা বৃহত্তম মহাসমাবেশ করেছি চট্টগ্রামে। এবার বৃহত্তম শোভাযাত্রা বের করে সরকারের প্রতি অনাস্থা দেখাতে চাই। জনগণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। এ দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন করছে।’প্রসঙ্গত, গত ১৩ মে নগরে ১৮ দলীয় জোটের কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রাম নগরে ওই দিন তিনটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি ও খুলশী থানায় দ্রুত বিচার আইনের তিনটিসহ মোট ছয়টি মামলা হয়। এর পর থেকে বেশির ভাগ দলীয় নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পুলিশের করা মামলায় আসামি হওয়ার পর বিএনপির সাংগঠনিক কার্যক্রম কার্যত ঝিমিয়ে পড়ে। চট্টগ্রাম মহানগরে গত সাড়ে তিন মাস বিএনপির বড় কোনো কর্মসূচি চোখে পড়েনি। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বড় সমাগম ঘটিয়ে স্থানীয় বিএনপি দলীয় নেতা-কর্মীদের চাঙা করার উদ্যোগ নিয়েছে।