প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সিরাজগঞ্জ ও লালমনিরহাটে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে এবং লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও যুবদলের একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের আসবাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আকবর আলীর সমর্থকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিজ্ঞান কলেজের সামনে পৌঁছালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘণ্টার এ সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের ২০ জন আহত হন। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের আসবাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষের সময় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে অংশগ্রহণ করা নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পথচারী একটি শিশু এবং এক ব্যক্তিসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতীবান্ধা বাসস্ট্যান্ডসংলগ্ন চৌরঙ্গী মোড়ের দলীয় অফিস থেকে উপজেলা বিএনপি একটি মিছিল বের করার প্রস্তুতি নেয়। একই সময় যুবদলের ব্যানারে মোশারফ হোসেনের পক্ষের কর্মীরা তাঁর ছোট ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে পাল্টা মিছিল বের করেন। মোশারফ হোসেনের প্রতিপক্ষ রাজীব হাসান প্রধানের পক্ষ এবং সাবেক সাংসদ জয়নাল আবেদীন পক্ষের বিএনপির কর্মীরা ওই মিছিলটি ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ হলে পথচারী শিশু শাহিনুর ইসলামসহ তিনটি পক্ষের নয়জন আহত হয়।
হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এ সংঘর্ষের সূত্রপাত। হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ করেনি।