উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহের মাঝামাঝি শান্তিডাঙা-দুলালপুর নামক স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে পাঁচটি অনুষদের অধীনে মোট ২৫টি বিভাগে ৩৫৬ জন শিক্ষক, ৮৫৮ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১২ হাজার ৩০৩ জন শিক্ষার্থী রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম দিনে গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন তাঁরা। সব বিভাগ ও হলের সরব অংশগ্রহণে শোভাযাত্রাটি মিলনমেলায় রূপ নেয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়।
সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান ওই সভায় সভাপতিত্ব করেন। বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমানের এটি সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। সভায় স্বাগত বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আজ বুধবার দ্বিতীয় দিনে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।