পৌরসভা ঘোষণার পর এক যুগ পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মামলাসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর নবীনগর পৌরসভা গঠিত হয়। গঠনের পর ‘প্রশাসক’ হিসেবে এর দায়িত্ব পান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ২০০৩ সালের ৩০ জানুয়ারি ক্ষমতাসীন বিএনপি সরকার রাজনৈতিক বিবেচনায় নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মলাই মিয়াকে প্রশাসকের দায়িত্ব দেয়। ২০০৮ সালের ১১ ডিসেম্বর থেকে আবার ইউএনও ওই দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে নবীনগর পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতা মলাই মিয়া প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর ২০০৪ সালে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা পৌরসভা থেকে ওই দুই ওয়ার্ড বাদ দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ১০ জুন মন্ত্রণালয়ের এক আদেশে পৌরসভা থেকে ওই দুই ওয়ার্ড বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই দুই ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসী মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট সেটি স্থগিত ঘোষণা করেন। এরপর প্রায় সাত বছর পেরিয়ে গেলেও মামলাটি নিষ্পত্তি হয়নি।এ প্রসঙ্গে পৌরসভার বাসিন্দা শিব শংকর দাস, গোলাম হোসেন খান ও বশির আহমেদ সরকার বলেন, ‘১১ বছর ধরে কোনো নির্বাচন না হওয়ায় পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা অবিলম্বে নির্বাচনের দাবি জানাই।’নবীনগর পৌরসভার বর্তমান প্রশাসক ইউএনও মো. সামছুল ইসলাম বলেন, ‘হাইকোর্টে ঝুলে থাকা ওই মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সাংসদ শাহ জিকরুল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ পৌরসভার নির্বাচন নিয়ে এলজিআরডিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বহুবার কথা বলেছি। মামলার নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন।’