প্রতিষ্ঠার চার বছরেও চূড়ান্ত হয়নি নিয়োগবিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার চার বছর পরও জনবলকাঠামো নির্ধারণ ও নিয়োগবিধি চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এ কারণে ২০১৩ সাল থেকে এর অধিভুক্ত তিনটি প্রতিষ্ঠানে লোক নিয়োগ দেওয়া হয়নি। এদিকে মোট জনবল অর্ধেকে নেমে আসায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রেশম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ৬ মার্চ বাংলাদেশ রেশম বোর্ড, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সিল্ক ফাউন্ডেশন—এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূতকরণের মাধ্যমে পুনর্গঠিত হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।

একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানগুলোর জনবল অর্ধেকে নেমে এসেছে। বিশেষত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদগুলোতে জনবলের সংকট অনেক বেশি। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদিত মোট ৫৩১টি পদের মধ্যে ২৬৩টি পদে জনবল আছে। বাকি ২৬৮টি পদই শূন্য।

প্রথম শ্রেণির ৪৮টি পদের মধ্যে ৩০টি পদই শূন্য। দ্বিতীয় শ্রেণির ৫১টি পদের মধ্যে ২২টি, তৃতীয় শ্রেণির ৩২৭টি পদের মধ্যে ১৬৫টি এবং চতুর্থ শ্রেণির ১০৫টির মধ্যে ৬১টি পদ শূন্য।

নতুন নতুন তুঁতজাত ও রেশমকীট উদ্ভাবন, রেশম খাতে দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং প্রান্তিক পর্যায়ে চাষিদের কাছে তা পরিচিত করে তোলার কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির ২০১৫-১৬ বছরের বার্ষিক প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানের মোট ১২৮টি অনুমোদিত পদের মধ্যে ৬২টিই শূন্য। এর মধ্যে গ্রেড ৩, গ্রেড ৪ ও গ্রেড ৫-এ অনুমোদিত একটি করে তিনটি পদের সব কটিই শূন্য। গ্রেড ৬-এ ১২টি পদের মধ্যে ৯টিই শূন্য, গ্রেড ৯-এ অনুমোদিত ২২ পদের মধ্যে ১৩টি শূন্য, গ্রেড ১০-এ ৮টি পদের মধ্যে ৩টি শূন্য, গ্রেড ১১-এর ১৬টি পদের মধ্যে ১২টি শূন্য, গ্রেড ১৪-এর ৮টি পদের মধ্যে ৪টি শূন্য। এ ছাড়া গ্রেড ১৬-এর ২৫টি পদের মধ্যে ৭টি, গ্রেড ১৭-এর ২টি পদের মধ্যে ১টি, গ্রেড ১৮-এর ১৩টি পদের মধ্যে ৭টি এবং গ্রেড ২০-এর ১৫টির মধ্যে ২টি শূন্য রয়েছে। জনবলের এই অপ্রতুলতাকে বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রেশম উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, সিল্ক ফাউন্ডেশনের জন্য অনুমোদিত পদের সংখ্যা ৩৯টি, কিন্তু সেখানে কর্মরত আছেন ১৪ জন কর্মকর্তা-কর্মচারী।

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক জামাল উদ্দীন শাহ বলেন, তিনটি প্রতিষ্ঠান মিলে বোর্ড গঠিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়াকে একটি কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে। এ কারণে ২০১৩ সালের পর থেকে এই তিন প্রতিষ্ঠানে কোনো জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বছরে বছরে কর্মকর্তা-কর্মচারীরা অবসরে যাচ্ছেন। এতে তিনটি প্রতিষ্ঠানেই জনবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে জনবলকাঠামো অনুমোদন ও নিয়োগবিধি প্রণয়নের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূঁইয়া বলেন, বিষয়টি এখন অর্থ বিভাগে রয়েছে। স্কেল নির্ধারণের কাজ চলছে। স্কেল নির্ধারণ শেষ হলে দ্রুতই অরগানোগ্রাম (জনবলকাঠামো) অনুমোদন ও নতুন নিয়োগবিধি প্রণয়ন করা সম্ভব হবে।