প্রতিষ্ঠার পর প্রথম লোকসান দিল বেসিক ব্যাংক

প্রতিষ্ঠার পর ২৫ বছরের মাথায় এসে প্রথমবারের মতো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলো রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংক। বর্তমান পরিচালনা পর্ষদের পাঁচ বছরে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতি ও অনিয়মের ফলে একসময়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ জোগানকারী ভালো মানের ব্যাংকটি এখন রাষ্ট্রের দায়ে পরিণত হয়েছে৷
২০০৯ সালেও বেসিক ব্যাংকের নিট মুনাফা ছিল ৬৪ কোটি ৮৮ লাখ টাকা। আর ২০১৩ সাল শেষে নিট লোকসানের পরিমাণ ৫৩ কোটি ১৫ লাখ টাকা। ২০১৩ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত লোকসানের পরিমাণ প্রায় ২৬২ কোটি টাকা। ব্যাংকটির এ অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সবাই দায়ী করছে সরকারেরই নিয়োগ দেওয়া ব্যাংকটির পরিচালনা পর্ষদকে৷
অন্তত সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ অনিয়ম গত তিন বছরে উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক। বেশির ভাগ ক্ষেত্রেই চেয়ারম্যান ও তাঁর আস্থাভাজন প্রভাবশালীরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে অর্থ বের করে নিয়েছেন৷ এখনো বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তিনি সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত৷ বাংলাদেশ ব্যাংক ব্যাংকের এই পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সরকারের কাছে গত ২৯ মে সুপারিশ করেছে। ওই দিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ শিগগিরই পুনর্গঠন করা হবে। গতকাল সোমবার পর্যন্ত পুনর্গঠন করা হয়নি।
এ কে এম সাজেদুর রহমান বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে ছিলেন ২০১০-এর শেষ সময় পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পরিচালনা পর্ষদ নিয়মনীতি ভেঙে ঋণ বিতরণের বিষয়ে চাপ তৈরি করায় সাজেদুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়কে তা জানিয়ে ২০১০ এর শেষ ভাগে বিদেশে যান। ফিরে এসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। যোগাযোগ করা হলে সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংক জন্মের পর কোনো দিনই লোকসানে পড়েনি। তিনি বলেন, ‘আমি ২০১০ সালে ব্যাংকটি ছেড়ে আসার সময় নিট মুনাফার পরিমাণ ছিল ৬৬ কোটি নয় লাখ টাকা। কয় বছরেই এত লোকসান হয়েছে ভাবতে পারছি না।’
২০১৩ সালের ডিসেম্বর শেষে বেসিক ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, বিতরণ করা ঋণের বিপরীতে তাদের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি ১২৬ কোটি টাকা৷ বাংলাদেশ ব্যাংক একই সময়ে আরও ৬৬২ কোটি ৭৪ লাখ টাকার ঘাটতির কথা জানায়৷ আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান একনবিন আরও ৫৪৫ কোটি ৩০ লাখ টাকার প্রভিশন ঘাটতির হিসাব দিয়েছে৷ এর ফলে মোট প্রভিশন ঘাটতি এক হাজার ৩৩৪ কোটি চার লাখ টাকা।
নিরীক্ষক তাদের প্রতিবেদনে লোকসানের পরিমাণ ২৬১ কোটি ৭৩ লাখ টাকা হবে বলেও উল্লেখ করেছে৷ একনবিন আরও বলেছে, ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়াবে ৩১৫ কোটি ছয় লাখ টাকা, যদিও ব্যাংক হিসাব দিয়েছিল ঘাটতির পরিমাণ ১৯৫ কোটি ১৩ লাখ টাকা।
নিরীক্ষা প্রতিবেদনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সাংঘাতিকভাবে দুর্বল উল্লেখ করা হয়েছে৷ তারা বলেছে, ঋণ প্রক্রিয়ায় জড়িতদের বিরূপ পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও অনুমোদন, খেলাপি ঠেকাতে পরিশোধের সময় ঘন ঘন বৃদ্ধি এবং প্রধান কার্যালয়ের অসমাপ্ত ঋণ প্রস্তাব অনুমোদনসহ নানা অনিয়ম রয়েছে ব্যাংকটিতে৷
বেসিক ব্যাংক বাংলাদেশ ব্যাংককে তথ্য দিয়েছিল, ২০১৩ সালের ডিসেম্বর শেষে তাদের খেলাপি ঋণ এক হাজার ২৮২ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বিতরণ করা ১০ হাজার ৮৫০ কোটি ৫৮ লাখ টাকার ১১ দশমিক ৮২ শতাংশ। নিরীক্ষা প্রতিবেদনে খেলাপি ঋণের পরিমাণ বলা হচ্ছে তিন হাজার ১৪৫ কোটি ৫৩ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৫ শতাংশ।
৩০ এপ্রিল এই নিরীক্ষা প্রতিবেদনটি ব্যাংক অনুমোদন দেওয়ার পর সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান ও রপ্তানি উন্নয়ন বু৵রোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, গত বছর শাখার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাতে খরচ বেড়েছে। কিন্তু, এসব শাখা থেকে প্রথম বছরে কোনো মুনাফা যোগ হয় না। এতে লোকসান হতে পারে।
তবে তথ্য বলছে, গত বছর আটটি নতুন শাখা খোলা হয়েছে, এ নিয়ে মোট শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮টি। তবে শাখাপ্রতি খরচ এবং তাতে লোকসানের পরিমাণ এত বেশি হয় না৷