কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাঁচ বছর পার হলেও এর আয়তন বাড়েনি। নতুন করে ভূমি অধিগ্রহণ না করার ফলে আগামী দুই-তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব জায়গায়ই অবকাঠামোগত উন্নয়নের কারণে পূর্ণ হয়ে যাবে। নতুন করে জায়গা না বাড়ায় খেলার মাঠ, সুইমিংপুল, ছাত্র শিক্ষক কেন্দ্র ও নতুন বিভাগ খোলার কাজ স্তিমিত হয়ে পড়েছে। তার ওপর প্রতিনিয়ত বাড়ছে ভূমির দাম। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কুমিল্লাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমে ২০০ একর জায়গার প্রস্তাব করেছিলাম। পরবর্তী সময়ে ৭০ একর জায়গা কেনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ১০৫ কোটি টাকা চেয়েছি। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা পরিদর্শন করে গেছে। বিষয়টি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গেও কথা হয়েছে। দেখা যাক কী হয়!’বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান জানান, ২০০৭ সালের ২৮ মে সাতটি বিভাগে ৩০০ শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শিক্ষা-কার্যক্রম চালুর চার বছর আট মাস পর এখন বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে প্রায় তিন হাজার শিক্ষার্থী, শতাধিক শিক্ষক ও ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এদিকে ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুতে চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগ চালু করার কথা ছিল। দীর্ঘ সময়েও ফিন্যান্স, ব্যাংকিং, পরিবেশবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ও বায়োটেকনোলজি বিভাগ খোলা হয়নি। কাঙ্ক্ষিত এসব বিভাগ না থাকার কারণে তাঁরা নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে না ওঠায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম ধীরগতিতে চলছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি খারাপ হওয়ায় বরাদ্দও আসছে কম।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান আরও বলেন, ‘দীর্ঘদিনের সংকট দূর করতে সময় লাগছে। পর্যায়ক্রমে ভূমি অধিগ্রহণ ও নতুন নতুন বিভাগ খোলা হবে। আমরা এ ক্ষেত্রে খুবই আন্তরিক। অর্থ বরাদ্দ পেলেই এসব কাজ শুরু হবে।’