অর্থাভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ হচ্ছে না। শিক্ষা কার্যক্রম চালুর সাত বছরেও নতুন করে ভূমি অধিগ্রহণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আয়তন স্থির রয়েছে৷
এ অবস্থায় আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস৷ ২০০৭ সালের ২৮ মে দেশের ২৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
ভূমি অধিগ্রহণ না হওয়ায় নতুন একাডেমিক ভবন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনব্যবস্থা, শারীরিক শিক্ষা বিভাগ, মিলনায়তন, খেলার মাঠসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করা যাচ্ছে না। তার ওপর বাড়ছে জমির দাম।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দূরে ঐতিহ্য ও প্রাচীন সভ্যতার ধারক লালমাই পাহাড়ের সালমানপুর এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান৷ ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫০ একর জায়গা নিয়ে ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়৷ ওই সময়ে আরও ৫০ একর জায়গা বাড়ানোর প্রস্তাব রাখা হয়৷ কিন্তু গত সাত বছরে এক ইঞ্চি জায়গাও বাড়েনি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে ১০০ একর ভূমি অধিগ্রহণ করার কথা ছিল। প্রথম পর্যায়ে ৫০ একর ভূমি অধিগ্রহণ করা হয়। ওই ভূমির বেশির ভাগই টিলা। সমতল ভূমি অপেক্ষাকৃত কম থাকায় বিশ্ববিদ্যালয়ে নতুন করে ভবন নির্মাণ করা যাচ্ছে না।
তবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, ২০১২ সালের আগস্ট মাসে ৭০ একর জায়গা অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। পরে ওই চিঠি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। ২০১৩ সালের ২০ জানুয়ারি কমিশন থেকে জানানো হয়, টাকা না থাকায় বর্তমানে ওই পরিমাণ জমি অধিগ্রহণ সম্ভব নয়। এর কয়েক দিন পরে নতুন করে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পরিকল্পনা কমিশন জানিয়েছে, ২০১২-২০১৩ অর্থবছরে ওই খাতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো থোক বরাদ্দ নেই। তাই ২০১৩-২০১৪ অর্থবছরে প্রকল্পটি গ্রহণ করা যেতে পারে। এর জন্য ৭০ একর জায়গার পরিবর্তে আপাতত ১০ একর ভূমি অধিগ্রহণের সংস্থান রেখে ডিপিপি পুনর্গঠন করে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সাড়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘ভূমি অধিগ্রহণ, শ্রেণিকক্ষের সংকট, লোকবলের অভাব, অপ্রতুল গবেষণা বরাদ্দ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে প্রশস্ত সংযোগ সড়ক না থাকায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ জরুরি হয়ে পড়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনামন্ত্রী মহোদয়কে জানিয়েছি। নতুন বিশ্ববিদ্যালয়, পর্যায়ক্রমে অর্থ পেলেই সব ধরনের উন্নয়ন হবে।’