প্রতিষ্ঠার ১৩ বছরেও নির্বাচন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবীদ্বার বাদে কুমিল্লার ছয়টি পৌরসভায় আগামী ডিসেম্বর মাসে নির্বাচন হবে। দুটি মামলা বিচারাধীন থাকায় দেবীদ্বারে নির্বাচন হচ্ছে না। এতে প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও অনির্বাচিত ব্যক্তিরাই এ পৌরসভা পরিচালনায় থাকছেন। এতে পৌরসভাবাসী কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
দেবীদ্বার পৌর দপ্তরের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০০২ সালের আগস্ট মাসে দেবীদ্বার সদর ইউনিয়ন, গুনাইঘর উত্তর ও দক্ষিণ এবং সুবিল ইউনিয়ন নিয়ে দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হয়।
২০০৭ সালের ১৮ মার্চ পৌরসভার বড় আলমপুর এলাকার বাসিন্দা আবদুল মতিন সরকার পৌরসভার মধ্যে থাকতে চান না মর্মে হাইকোর্টে রিট আবেদন করেন। পরবর্তী সময়ে তাঁর রিট খারিজ করে দেন হাইকোর্ট। এরপর ওই বছরের ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করেন। বর্তমানে ওই মামলা বিচারাধীন আছে।
এ ছাড়া ২০০৯ সালের ১৭ মে দেবীদ্বার থানাসংলগ্ন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান পাঠান দেবীদ্বার পৌরসভা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেন। সেটিও বিচারাধীন। মামলা দুটির কারণে ওই পৌরসভায় নির্বাচন হচ্ছে না। ২০১১ সালের ১৮ জানুয়ারি কুমিল্লার সাতটি পৌরসভায় নির্বাচন হলেও দেবীদ্বারে হয়নি। ডিসেম্বরে কুমিল্লার বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, হোমনা, লাকসাম ও চৌদ্দগ্রাম পৌরসভায় নির্বাচন হবে।
দেবীদ্বার পৌর এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত এখানে নির্বাচন হওয়া দরকার। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার বাসিন্দারা।
দেবীদ্বার পৌরসভার সচিব মো. জহিরুল আলম সরদার বলেন, জনপ্রতিনিধি না থাকায় এ পৌরসভার সার্বিক কার্যক্রম গতিহীন। জনপ্রতিনিধি থাকলে উন্নয়ন কার্যক্রমে গতি আসে। তখন নাগরিক সুযোগ-সুবিধাও বাড়ে। বর্তমানে পৌরসভার ১২৭টি পদের ১০৩টি খালি।
দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের জন্য এখানে নির্বাচন হওয়া দরকার। আইনি বাধা দূর হলে নির্বাচন করব।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা শাখার সভাপতি স্থানীয় বাসিন্দা এ বি এম আতিকুর রহমান বলেন, জনগণ নির্বাচনের পক্ষে। কিন্তু সরকারি দলের কেউ কেউ চান না নির্বাচন হোক। সরকারি দলে মেয়র পদে প্রার্থী বেশি থাকায় কাকে রেখে কাকে প্রার্থী করা হবে—এ নিয়ে জটিলতা আছে।
দেবীদ্বার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, দুটি মামলা থাকায় নির্বাচন হচ্ছে না। দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার পর গত ১৩ বছরে ১৪ জন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হলে এ এলাকার মানুষ আরও বেশি সেবা পেত।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘মামলা নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন হচ্ছে না। আমরা এবারও ভোটার তালিকা হালনাগাদ করে রেখেছি। নির্বাচন হলে এখানে ৩৫ হাজার ৩২৩ জন ভোটার ভোট দিতে পারবেন।’